জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২২ জুলাই) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনো প্রশ্নই আসে না।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন আরেকটি সংলাপ করবে কিনা এবং সেটা শুধু বিএনপির সঙ্গেই করবে নাকি সবার সঙ্গে করবে তা নির্বাচন কমিশন জানে। সরকারের পক্ষ থেকে কোনো সংলাপের প্রয়োজন নেই। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে, সংলাপ করতে হবে। নির্বাচনের শিডিউল যখন জানানো হবে, তখনই সঙ্গে সঙ্গে রুটিন অনুযায়ী এগুলো ঠিক হয়ে যাবে।’
এসময় তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় ছাত্রলীগ নেতারা এগিয়ে এলে নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তাদের উদ্দেশে বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বাড়াবাড়ির অনেক অভিযোগ আমার কাছে এসেছে। এমন কোনো অভিযোগ যেন আর না শুনি।’
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে কোনো শর্তযুক্ত নির্বাচন হবে না। নির্বাচন হবে স্বাভাবিক নিয়ম মেনে এবং সংবিধানের আলোকে। খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না বিএনপির এই ঘোষণায় চক্রান্ত, নাশকতা ও ষড়যন্ত্রের আশঙ্কা করছে সরকার। নির্বাচনকালীন সরকারে বিএনপির আসার কোনো সুযোগ নাই। বিএনপির সঙ্গে আলোচনারও আর কোনো সুযোগ নাই।’
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.