
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে বন্দুক যুদ্ধে এক তালিকাভূক্ত ইয়াবা কারবারীর লাশ, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর ভোর রাত আড়াইটার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা দরগাহপাড়া সংলগ্ন আশ্রয় কেন্দ্র এলাকায় ইয়াবা কারবারী দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এসময় পুলিশের কনস্টেবল আজিজ (২৩), মেহেদী হাসান (২১) ও হেলাল (২২) আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে ইয়াবা কারবারীরা পিছু হঠে যায়। এরপর ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ, ৩টি দেশীয় তৈরী অস্ত্র, ১৮ রাউন্ড বুলেট, ১৩টি খোসা ও ১৫ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
আহত পুলিশ সদস্যদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ থানায় নিয়ে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার ছৈয়দ আহমদ ছৈয়তুর পুত্র জিয়াউল বশির শাহীন ওরফে শহীদ (৩২) বলে সনাক্ত করে। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাস সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশের উপর হামলা, ইয়াবা ও অবৈধ অস্ত্রসহ পৃথক মামলা দায়ের করা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.