দুর্দান্ত জয়ে স্বস্তি ফিরে এসেছে আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপ ফুটবলেরর বাছাই পর্বের ভয়াবহ অবস্থা থেকে মুক্তির জন্য একটা জয় খুব জরুরি ছিল তাদের জন্য। সেটা তারা পেয়েছে। তবে বড় ব্যবধানে নয়। মঙ্গলবার রাতে তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক কলম্বিয়াকে। বাছাইপর্বে এর আগে তিনটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ওই তিন ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় তারা। জয় তো নেই, উল্টো এক ম্যাচে পরাজয়ের স্বাদও গ্রহণ করতে হয়েছে লাতিন অঞ্চলের অন্যতম সেরা এই দলটিকে।
মেসি-আগুয়েরা-তেভেজহীন আর্জেন্টিনা এ দিনও প্রতিপক্ষের বিরুদ্ধে তেমন চড়াও হয়ে খেলতে পারেনি। বরং প্রথম থেকেই আক্রমণ চালিয়ে নিজেদের শক্তিমত্তার কথা জানান দেয় কলম্বিয়া। তবে ডি মারিয়া-হিগুয়েইন-লাভেজ্জিদের প্রতি আক্রমণেও নড়ে উঠে কলম্বিয়ার রক্ষণভাগ। আক্রমণ-প্রতি আক্রমণের মাঝে খেলার প্রথমার্ধের ২০ মিনিটে লাভেজ্জির পাস থেকে বল পেয়ে গোল করেন বিলিয়া।
কি নামটা অচেনা ঠেকছে? হ্যাঁ, লুকাস বিলিয়া। আর্জেন্টাইন রথি-মহারথিদের ভিড়ে বিলিয়ার নামটি বেশ অচেনাই। আন্তর্জাতিক ম্যাচে দলের পক্ষ হয়ে প্রথম গোল পেয়েছেন এই মিডফিল্ডার। তার ওই এক গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় আর্জেন্টিনা। শেষ দিকে অবশ্য দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায়। তবে তাতে ফলাফলের কোনো হেরফের হয়নি।
এই জয়ের ফলে ১০ দলের মধ্যে আপাতত পয়েন্ট তালিকার ৯ নম্বর থেকে ৬ নম্বরে উঠে এসেছে মার্টিনোর শিষ্যরা।
সূত্র :গ্লোবটুডেবিডিডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.