মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়া-বাঘগুজারা সড়কের উপরে পল্লী বিদ্যুতের সাতটি খুঁটি হেলে পড়ায় দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। গত একমাস ধরে লক্ষাধিক মানুষ এসব খুটির নিচ দিয়ে চলাচল করলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মাথা ব্যাথা নেই খুঁটি মেরামতে। এসব খুঁটি দ্রুত মেরামত করা না হলে যেকোন সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন জানায়। ফলে ওই খুঁটি ঠিক করতে বিদ্যুৎ অফিস ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের শরণাপন্ন হচ্ছেন শংকিত মানুষ।
জানা গেছে, পল্লী বিদ্যুতের বিতরণ মান উন্নয়নের লক্ষ্যে গত বছরের মাঝামাঝি সময়ে পেকুয়ায় আনুষ্টানিকভাবে চালু করা ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাবষ্টেশন (উপকেন্দ্র)। কক্সবাজার জেলার সদর থেকে ঈদগাঁও-চকরিয়া হয়ে আসা ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনে সংযুক্ত করা হয় পেকুয়া সাবষ্টেশন। পল্লী বিদ্যুৎ সাবষ্টেশনে সংযুক্ত করা ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনের এসব খুঁটি হেলে পড়ে।
সরজমিন ঘুরে দেখা যায়, পেকুয়া-বাঘগুজারা সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে বিভিন্ন যানবাহন। আর এসব সড়ক দিয়ে চলাচল করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বিকল্প কোন সড়ক না থাকায় চরম ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। মাত্র এক বছর আগে স্থাপন করা এসব খুঁটি। বিষয়টি পেকুয়া পল্লী বিদ্যুৎ অফিস জেনেও কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বাঘগুজারা এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পেশাগত কাজে প্রতিদিন পেকুয়ায় যেতে হয়। সড়কের পাশে হেলে পড়া খুঁটি সম্পর্কে তিনি জানান, পল্লী বিদ্যুতের খুঁটির যে অবস্থা তাতেই এ সড়ক দিয়ে চলাফেরা করতে ভয় লাগে।
চকরিয়ার কোনাখালী ও ঢেমুশিয়া থেকে নিয়মিত আসা-যাওয়া করা শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের কয়েকজন ছাত্র-ছাত্রী জানান, বিকল্প কোন সড়ক না থাকায় প্রতিদিন এ পথ দিয়ে কলেজে যেতে হয়। চলতে গিয়ে কখন কি ঘটে যায় এ নিয়ে দুশ্চিন্তায় থাকি।
পেকুয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দীন জানান, জনদূর্ভোগের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তারপরও মানুষজন ভয় নিয়ে চলাচল করে। তিনি এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানান।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির পেকুয়া অফিস ইনচার্জ খোরশেদ আলম বলেন, নানা সমস্যার কারণে কাজ করা হয়নি। শুষ্ক মৌসুমে যত দ্রুত সম্ভব এ সমস্যা সমাধান করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.