
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ তার চার ভাইকে আটক করেছে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি টিম। এসময় তাদের বাড়ি থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), ১টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ১ প্যাকেট ইয়াবা বড়ি ও নগদ ১৭লাখ টাকা উদ্ধার করা হয়।
রবিবার ১৩ আগস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে র্যাব টিম অভিযান চালিয়ে পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনীস্থ নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো.জাহাঙ্গীর আলম, তার চার ভাই যুবলীগ নেতা মো. আলমগীর, মো. আজমগীর, মো. কাইয়ুম ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার বাপ্পী। আটক পাঁচ ভাই ওই ইউনিয়নের রমিজ আহমদের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন প্রেস ব্রিফিংয়ে বলেন, আগ্নেয়াস্ত্র মজুদের গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহাঙ্গীরের বাড়ীর একটি কক্ষ থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক (এলজি), তার শয়ন কক্ষ থেকে ১টি একনলা (লম্বা) বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ইয়াবা বড়ি ও নগদ ১৭লাখ টাকা উদ্ধার করা হয়।
এদিকে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট পাঁচ ভাইকে আটকের খবর ছড়িয়ে পড়লে সকালে ক্ষোভে ফুসে উঠে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী-সমর্থকরা। তারা প্রতিবাদ মিছিল ও পথসভা করে। এসময় প্রতিবাদরত নেতারা দাবি করেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে থাকা পাঁচ ভাইকে নেপথ্য কোন চক্র ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.