
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামায় যাত্রী সেজে মোটর সাইকেল সহ চালককে অপহরণের ঘটনায় ড্রাইভার মোঃ কামাল উদ্দিনের লাশ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডিসি রোড এলাকার ডাঃ হালিমের রাবার বাগান থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ মোঃ কামাল উদ্দিন (৪০) সরই ইউনিয়নের হিমছড়ি এলাকার মৃত অজু মিয়ার ছেলে।
জানা গেছে, লামার সরই ইউনিয়নে কেয়াজুপাড়া বাজার থেকে শুক্রবার দিবাগত রাতে মোটর সাইকেলে ভাড়া নিয়ে গজালিয়া যাওয়ার পথে অপহরণ হয় কামাল। অনেক খোজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না তাকে। শনিবার রাতে সরই এলাকার একদল লোক একটি গাড়ি করে সরই থেকে খুজঁতে খুজঁতে আসে। এসময় লামা-সুয়ালক সড়কের গজালিয়া ডাঃ হালিমের রাবার বাগান সংলগ্ন রাস্তায় কামালের পায়ের জুতা দেখতে পায়। জুতা দেখে আশপাশে খুজঁতে থাকে তারা। অবশেষে বাগানের ঢালু পাহাড়ের নিচে ঝোপঁ ঝাড়ের নিচে তার লাশ দেখতে পায় এবং দ্রুত পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাতেম সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছেঁ। গজালিয়া ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ মিজানুর রহমান বলেন, লাশের কান থেকে রক্ত ঝরতে দেখা গেছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারে লামা থানা থেকে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.