
বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলার পর মিয়ানমারে আবারও সাইবার সঙ্কটের ঘোষণা দিয়েছে কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (এমএমসিইআরটি)। মঙ্গলবার সংস্থাটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সম্পর্কে সতর্কবার্তা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। মিয়ানমারের গণমাধ্যম ইলেভেন মিয়ানমার-এর খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ওই বিবৃতিতে এমএমসিইআরটি’র মুখপাত্র মিও মাইয়িন্ত হাইক বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারের সাইবার স্পেসে ফের হামলার ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে তাদের সাইবার স্পেসে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, এ হামলার মাধ্যমে বাংলাদেশি হ্যাকারদের পক্ষে তাদের দেশের ওয়েব হোস্টিং সার্ভারগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়া সম্ভব। এর ফলে তারা বিভিন্ন সাইটের গুরুত্বপূর্ণ তথ্য, এমনকি গ্রাহকের তথ্যও বাজেয়াপ্ত করতে পারে। এছাড়া ওয়েবসাইটগুলোতে কোনো সংবেদনশীল তথ্য না থাকলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হারিয়ে যেতে পারে। তিনি বলেন, এ কারণে আমরা আবার একটি সতর্কতা জারি করছি।
তিনি আরও বলেন, ১৯ মার্চ থেকে শুরু হওয়া এ সাইবার হামলা থামছে না। ব্যবহারকারীদের উচিত তাদের তথ্য অনলাইন সার্ভারে না রেখে এক্সটারনাল স্টোরেজে রাখা। ওয়েবসাইট মালিক কর্তৃপক্ষের উচিত কেনো তা হামলার শিকার হয়েছে, সেটার কারণ তদন্ত করে বের করা। এছাড়া হামলার পর এখন ওয়েবসাইটে লগ ইন করার ইউজার নেম পাল্টাতে হবে ও দুর্বল পাসওয়ার্ড ব্যবহার বন্ধ করতে হবে।
তিনি জানান, ১৯ মার্চ মিয়ানমারের ২১টি ওয়েবসাইট হ্যাক করে সাইবার-৭১। পরবর্তীতে ২১ মার্চ একটি, ২২ মার্চ আরো একটি ও ২৩ মার্চ ৬৪টি ওয়েবসাইট হ্যাক করে।
এ হামলা প্রসঙ্গে মিয়ানমারভিত্তিক হ্যাকার সংগঠন আন্ডারগ্রাউন্ড মিয়ানমার হ্যাকারস (ইউজিএমএইচ) বলেছে, বাংলাদেশের সাইবার হামলা হয়তো অনেক শক্তিশালী ছিল, তবে আমাদেরকে প্রতিক্রিয়া দেখতে হবে।
উল্লেখ্য, মিয়ানমারভিত্তিক হ্যাকাররা সর্বপ্রথম বাংলাদেশের সাইবার স্পেসে হামলা চালিয়েছিল। এর পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশের হ্যাকাররা তাদের সাইবার স্পেসে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এ সাইবার হামলা চালায়।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.