সাম্প্রতিক....
Home / জাতীয় / বিএনপি সন্ত্রাসে জড়িত: কানাডীয় আদালত

বিএনপি সন্ত্রাসে জড়িত: কানাডীয় আদালত

কানাডার ফেডারেল কোর্ট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্ত্রাসের সঙ্গে জড়িত দাবি করে আগের দেওয়া রায় বহাল রেখেছে কানাডার ফেডারেল কোর্ট। রাজনৈতিক আশ্রয়প্রার্থী মোস্তফা কামালের আবেদনের প্রেক্ষিতে আদালত এ মন্তব্য করে।

কানাডায় মোস্তফা কামাল নামে বিএনপির এক কর্মী ২০১৫ সালে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন। এ বিষয়ে শুনানি শেষে বিএনপিকে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম ও সরকার উৎখাতের চেষ্টার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী মোস্তফা ফেডারেল কোর্ট রিভিউ আবেদন করেন। রিভিউ আবেদনের শুনানি শেষে গত ৪ মে অন্টারিওর ফেডারেল আদালত আবেদনটি খারিজ করে দেয়। সেই সঙ্গে ‘বিএনপিকে সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আদালতের দেওয়া আগের রায় বহাল রাখা হয়।

২১ মে, সোমবার এ বিষয়ে বিস্তারিত তথ্য কানাডার ফেডারেল কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়।

২০১৫ সালে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন মোস্তফা কামাল। তার বিষয়ে কানাডীয় সরকার আদালতকে তখন বলেছিল, তিনি বাংলাদেশে বিএনপি নামে যে রাজনৈতিক দলের সদস্য পরিচয়ে আশ্রয় চাচ্ছেন, সেই রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।

শুধু তা-ই নয়, বাংলাদেশ সরকারকে উৎখাতেও দলটি প্ররোচনা দিচ্ছে বলে যথেষ্ট যৌক্তিক কারণ আছে বলে কানাডা সরকারের পক্ষ থেকে আদালতে দাবি করেন দেশটির জননিরাপত্তা ও জরুরি তৎপরতাবিষয়ক মন্ত্রী। কানাডিয়ান বর্ডার সিকিউরিটি এজেন্সির (সিবিএসএ) তৈরি একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এ দাবি করেন তিনি।

কানাডা সরকারের এই বক্তব্য গ্রহণ করে আদালত মোস্তফা কামালের আবেদন খারিজ করে দিলে তিনি আবার দেশটির ফেডারেল কোর্টে রিভিউয়ের জন্য আবেদন করেন। ফেডারেল কোর্ট গত ৪ মে এ আপিলের রায় ঘোষণা করে। রায়ে কারণসহ ব্যাখ্যা দিয়ে সোমবার ফেডারেল কোর্ট ওয়েবসাইটে জানানো হয়েছে, বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে মন্ত্রীর বক্তব্যকেই আবারও মেনে নিয়েছে ফেডারেল কোর্ট।

রায়ে বলা হয়েছে, মোস্তফা কামালের রিভিউ আবেদনের পর ফেডারেল কোর্টের পক্ষ থেকে জননিরাপত্তা ও জরুরি তৎপরতাবিষয়ক মন্ত্রীর দাবির সত্যতা যাচাইয়ের জন্য কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডের অভিবাসন বিভাগকে (আইডি) নির্দেশ দেন। তখন জননিরাপত্তা ও জরুরি তৎপরতাবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিনিধি সিবিএসএ’র প্রতিবেদন রেফারেন্স হিসেবে আইডি’র কাছে তুলে দেন। ওই প্রতিবেদনসহ সম্পূর্ণ বিষয়টি যাচাই ও পুনর্বিবেচনা করে এবং পরবর্তী শুনানিগুলোতে মন্ত্রীর যুক্তি পর্যালোচনা করে আইডি কানাডা সরকারের আগের বক্তব্যই সঠিক বলে সিদ্ধান্তে আসে।

আইডি’র সিদ্ধান্ত অনুসারে বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলোর যৌক্তিকতা রয়েছে উল্লেখ করে ফেডারেল কোর্ট মোস্তফা কামালের আপিল আবেদন খারিজ করে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়।

আপিলের রায়ের পর আইডি’র সিদ্ধান্তের বিরুদ্ধে প্রক্রিয়াগত অন্যায্যতার অভিযোগ করে সিদ্ধান্ত রিভিউয়ের আবেদন করলে এই যুক্তি মেনে নেয়নি আদালত। উল্টো বলেছে, কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইনের (আইআরপিএ) প্রেক্ষিতে আইডি’র সিদ্ধান্ত যথেষ্ট যৌক্তিক।

আইনি প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল কি না তা যাচাই করে এ রায় দেয় ফেডারেল কোর্ট। আগের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলাটা তার বিষয় নয় বলেও জানায় এই আদালত। তাই প্রক্রিয়ার শুদ্ধতা নিশ্চিত করে বাকি সব বিষয়ে আগের রায়ই বহাল রাখা হয়।

সূত্র:জানিবুল হক হিরা-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.