
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত।
যে কোনো সিনেমার গল্পকে হার মানালেন বড় পর্দার আলোচিত নায়ক শাকিব খান ও তার স্ত্রী নায়িকা অপু বিশ্বাস। এক সময়ের পর্দার এ জুটি বাস্তব জীবনেও জুটি বেধেছিলেন নয় বছর আগে। যদিও দীর্ঘ এতগুলো বছর নিজেদের বিয়ের কথা গোপন রেখেছিলেন এ দম্পতি। চলতি বছরের এপ্রিল মাসে হঠাৎ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে শাকিব আর নিজের ঔরসজাত সন্তান আব্রাম খান জয়কে নিয়ে উপস্থিত হন অপু বিশ্বাস। আর সেখানেই জানান, ধর্ম পরিবর্তন করে নয় বছর আগে তারা বিয়ে করেছিলেন।
এতগুলো বছর নিজেদের ক্যারিয়ারের কথা ভেবে বিষয়টি গোপন রেখেছিলেন তারা, তবে যেহেতু তাদের একটি সন্তান পৃথিবীর বুকে পদার্পণ করেছে, ফলে অপু চেয়েছেন তাদের ভক্ত-অনুরাগীসহ সবাই অপু-শাকিবের বিয়ে ও সন্তানের বিষয়টি জানুক।
কিন্তু ঐ ঘটনার পর থেকেই সম্পর্ক ভালো যাচ্ছিল না তাদের। গণমাধ্যমে সন্তান নিয়ে এভাবে প্রকাশ্যে যাওয়াকে ভালোভাবে নেননি শাকিব। এছাড়া চলচ্চিত্র অভিনেত্রী বুবলিকে নিয়েও অশান্তি চলছিল দুজনের মধ্যে। অপু বিশ্বাস সন্তানসম্ভবা হয়ে পড়লে বুবলিকে নিয়েই জুটি বেধেছিলেন শাকিব। ফলে দুজনের অশান্তি বাড়ছিল ক্রমশই। বেশ অনেকদিন যাবতই তাই সন্তান আব্রামকে নিয়ে নিকেতনে নিজ বাসাতে শাকিবকে ছাড়াই থাকছিলেন অপু।
আজ বিকালে খবর ছড়িয়ে পড়ে অপুকে তালাকনামা পাঠিয়েছেন শাকিব খান। খোঁজ নিয়ে জানা যায়, নিজে দেশে না থাকলেও আইনজীবীর মাধ্যমে অপুকে তালাকনামা পাঠিয়েছেন তিনি। সোমবার ঐ নোটিশ হাতে পেয়েছেন অপু বিশ্বাস। শাকিবের আইনজীবী সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রিয়.কমকে বলেন, ‘তালাক নোটিশে দুটি কারণ দেখিয়েছেন শাকিব। প্রথম অভিযোগ হিসেবে তিনি উল্লেখ করেছেন, অপু তাদের সন্তানকে বাসার কাজের লোকের কাছে রেখে, কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, যেহেতু অপু তার নির্দেশ মেনে চলেন না, ফলে তিনি এই বিবাহ বিচ্ছেদ চান’।
এদিকে গত ৩০ নভেম্বর শাকিবের পক্ষ থেকে তার আইনজীবী তালাকের নোটিশটি পাঠান। কিন্তু অপু বিশ্বাস নোটিশটি গ্রহণ করেননি বলে জানা গেছে। অপুর নিকেতনের বাসা ছাড়াও তালাকের এই নোটিশটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয় এবং অপুর বগুড়ার বাসার ঠিকানাতেও পাঠানো হয়েছে। কিন্তু এ তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর।
এদিকে অপুর ঢাকার নিকেতনের বাসায় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষী মিলন মিয়া ৪ ডিসেম্বর বিকালে বলেন, ‘আমাদের উপর থেকে নির্দেশ রয়েছে কোন চিঠি কিংবা কোন কাগজ আসলে গ্রহণ না করার জন্য। আর এর বেশি কিছু বলতে পারব না।’
জানা গেছে, বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা অপুকে পরিশোধ করবেন শাকিব খান। এছাড়া তিনি একমাত্র পুত্র সন্তান আব্রাম খান জয়ের ভরণ-পোষণ করবেন।
সূত্র:সিফাত বিনতে ওয়াহিদ-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.