অনলাইন ডেস্ক :
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের মানুষের জীবনে বেশকিছু পরিবর্তন আসতে চলেছে। জাতীয় সংগীতে তো বটেই, পরিবর্তন করতে হবে মুদ্রা, স্ট্যাম্প, পোস্টবক্স ও পাসপোর্টেও। রানির ছবি-সহ যত নোট রয়েছে যুক্তরাজ্যের বাজারে তা পালটে ফেলতে হবে। ব্যাংক অফ ইংল্যান্ড জানিয়েছে, যাদের কাছে রানির ছবি-সহ যত কারেন্সি রয়েছে তা জমা দিয়ে বদলি নোট পেতে পারবেন নোটের মালিকরা।
গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। হাতবদল হয়েছে ক্ষমতার। হাতবদল হয়েছে সম্পত্তি। এমনকি কোহিনুরও। এবার রানির প্রয়াণে বদলাতে চলেছে ব্রিটেনের নোট-মুদ্রা। হিসাব অনুসারে, কয়েক শ কোটি পাউন্ডের নোট আর কয়েন এবার বদলে ফেলতে হবে ব্রিটেনকে। কারণ সেগুলোতে রয়েছে রানির প্রতিকৃতি।
৭০ বছর ধরে ব্রিটেনের মুদ্রায় বিরাজ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুদ্রায় বদলেছে তার প্রতিকৃতি। ব্রিটেনের নোটে রানির ছবি রয়েছে ৬০ বছর ধরে। এর আগে কোনো ব্রিটিশ শাসকের ছবি এত বছর ধরে মুদ্রা বা নোটে ছিল না।
১৯৫২ সালে অভিষেক হয় রানির। ১৯৫৩ সাল থেকে যুক্তরাজ্যের কয়েনে রয়েছেন রানি। তার পাঁচ রকম প্রতিকৃতি দিয়ে পাঁচ ধরনের কয়েন তৈরি হয়। তখন থেকেই মুদ্রায় স্থান পেয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
১৯৬৯ সাল থেকে যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি ছাপা নোট চালু হয়। তার আগ পর্যন্ত এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের ছবি ছাপা নোট চালু ছিল সে দেশে।
ব্রিটেনে নোট ছাপার দায়িত্বে রয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। আর মুদ্রা তৈরি করে রয়্যাল মিন্ট (টাঁকশাল)। এবার তাদের সামনে বড় ধরনের দায়িত্ব। রানির প্রতিকৃতি দেওয়া মুদ্রা আর নোট বাজার থেকে তুলে নিতে হবে। এর পরিবর্তে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি দেওয়া নতুন মুদ্রা আর নোট ছাপিয়ে তা চালু করতে হবে।
ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সে দেশে এখন রানির ছবি ছাপা ৪৭ লাখ নোট চালু রয়েছে। যার আর্থিক মূল্য আট হাজার ২০০ কোটি পাউন্ড।
রয়্যাল মিন্ট জানিয়েছে, রানির প্রতিকৃতি বসানো দুই হাজার ৯০০ কোটি মুদ্রা চালু রয়েছে ব্রিটেনে।
কেন্দ্রীয় ব্যাংক এবং টাঁকশালের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতারাতি এই বিপুল পরিমাণ মুদ্রা এবং নোট বাজার থেকে তুলে নেওয়া হবে না। তা সম্ভবও নয়। বরং ধীরে ধীরে নতুন মুদ্রা এবং নোট বাজারে ছাড়া হবে। পুরনো এবং নতুন নোট ও মুদ্রার সহাবস্থান চলবে তখন। তারপর আবার ধীরে ধীরে রানির প্রতিকৃতি বসানো নোট ও মুদ্রা বাজার থেকে তুলে নেওয়া হবে।
এই একই প্রক্রিয়া ঘটেছিল ২০১৭ সালে। তখন ব্রিটেনে এক পাউন্ডের গোলাকার মুদ্রার পরিবর্তে ১২ ধার-বিশিষ্ট নতুন এক পাউন্ডের মুদ্রা চালু করেছিল রয়্যাল মিন্ট।
ছয় মাস ধরে ধীরে ধীরে বাজারে ছাড়া হয়েছিল নতুন মুদ্রা। পাশাপাশি তুলে নেওয়া হচ্ছিল পুরনো গোলাকার মুদ্রা। ছয় মাস পর বাজার থেকে পুরোপুরি তুলে নেওয়া হয় পুরনো মুদ্রাটি।
তবে এবার ঝামেলা অনেক বেশি। কারণ মুদ্রা এবং নোটের পাশাপাশি ডাকবাক্স এবং নতুন ইস্যু করা পাসপোর্টেও রদবদল করতে হবে। সেখানেও রানি দ্বিতীয় এলিজাবেথের পরিবর্তে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি বসানো হবে।
নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে রয়্যাল মিন্ট জানিয়েছে, রানির প্রতিকৃতি বসানো পুরনো কয়েন এখনই বাতিল হচ্ছে না। তা বাজারে চালু থাকবে। প্রয়োজন হলে শোক পালন চলাকালীন রানির প্রতিকৃতি দেওয়া মুদ্রা নতুন করে তৈরিও করা হবে।
একইভাবে ব্যাংক অব ইংল্যান্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি ছাপা নোট বৈধ থাকবে। এখনই তা বাতিল হওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রীয় শোক পালন শেষ হওয়ার পর নতুন নোট তৈরি নিয়ে তারা পরিকল্পনা গ্রহণ করবে।
শুধু ব্রিটেন নয়, কমনওয়েলথ সদস্যভুক্ত ৫৪টি দেশের কিছু মুদ্রা বা নোটেও রয়েছে রানির প্রতিকৃতি। এবার তারা কী করবে, সেটাও বড় ধরনের প্রশ্ন।
কানাডায় ২০ ডলারের প্লাস্টিক ব্যাংক নোটে রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। ব্যাংক অব কানাডার মুখপাত্র আমেলি-ফেরোঁ-ক্রেগ জানিয়েছেন, আগামী কয়েক বছর সে দেশে এই নোট চলবে। ইংল্যান্ডে নিয়মতান্ত্রিক শাসক বদলানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে সে দেশে নোট পরিবর্তন করতে হবে, এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
আমেলি জানিয়েছেন, কানাডার অর্থমন্ত্রী নতুন ২০ ডলার নোটের নকশা অনুমোদন করবেন। তবে তার জন্য কয়েক বছর সময় লাগবে।
অস্ট্রেলিয়ার মুদ্রা ও ৫ ডলারের নোটে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। ১৯৬৬ সাল থেকে ১৫০০ কোটি ডলার অস্ট্রেলীয় মুদ্রা ছাপা হয়। এসব মুদ্রায় এলিজাবেথের ছবি রয়েছে। রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া বলছে, ১৯১৩ সাল থেকে ছাপা হওয়া সব ব্যাংক নোট আইনগতভাবে বৈধ। অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটির গবেষক ড. মিশেল থিওফিলোস বলেন, ধীরে ধীরে পুরনো মুদ্রাগুলো সরিয়ে নেয়া হবে এবং নতুন মুদ্রা ছাপা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.