সাম্প্রতিক....
Home / জাতীয় / রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকসহ চারজনের বিচার শুরু

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকসহ চারজনের বিচার শুরু

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

 

রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

২০ নভেম্বর সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই অভিযোগ গঠন করেন। এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন আগামী ১৫ জানুয়ারি ঠিক করা হয়েছে।

তারেক ছাড়া অপর তিন আসামি হলেন- বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, একুশে টিভির তৎকালীন সাংবাদিক (২০১৫) কনক সারওয়ার ও মাহাথীর ফারুকী।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেকসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে আবদুস সালাম ছাড়া বাকি তিনজন পলাতক আছেন।

এর আগে গত ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অভিযোগ গঠনের শুনানির সময় সালাম আদালতে হাজির ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ জানুয়ারি তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহের এই মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

এজাহারে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমানের দেওয়া বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। এতে রাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উসকানি দেওয়ার ঘটনা ঘটে। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

এরপরেই ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমদাদুল হক।

 

 

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.