
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের লামা উপজেলায় বাড়ির পাশের পাহাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর সাড়ে ১২টায় লাশটি উদ্ধার করে লামা থানার পুলিশ। নিহত মো. জামাল (৪০) উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড হিমছড়ি এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে। এসময় লাশের পাশে পড়ে থাকা দেশীয় একটি বন্দুকও উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি মেম্বার মোবারক হোসেন বলেন, স্ত্রীর সাথে পারিবারিক বিরোধ ছিল জামালের। কিছুদিন আগে জামাল তার শশুর বাড়ি আমিরাবাদে গেলে তার স্ত্রী ও শশুর বাড়ির লোকজন তার পুরুষত্ব শক্তি নেই বলে অভিযোগ তুলে এবং বিয়ের সময় দেয়া ৫০ হাজার টাকা ফেরত চায়। দিনমজুর জামালকে শশুর বাড়িতে সামাজিক ভাবে বিচার বসিয়ে অপমান করা এবং টাকা ফেরত দেয়ার সমর্থ না থাকায় অপমানে বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক তমেজ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা লামা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে আজিজনগর হিমছড়ি এলাকায় এসে লাশটি উদ্ধার করি। লাশটির প্রাথমিক সুরতাহাল রিপোর্ট করা হয়েছে। নিহতের বুকে বারুদের আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করা লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ময়না তদন্তের জন্য লাশটি জেলা হাসপাতালে প্রেরণ করা হবে। এছাড়া একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিণমারা এলাকায় আরেকজনের কংকাল পাওয়া গেছে। কিছুদিন আগে হরিণমারা এলাকায় আহমদ কবিরের ছেলে হারুণ-অর রশিদ হারানো গিয়েছিল। এই বিষয়ে লামা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল তার পরিবার। এই কংকালটি হারুণ অর রশিদের বলে ধারনা করা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.