
পোড়ামন দিয়ে শুরু। এরপর আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে। এ জুটির নতুন ছবির নাম ‘জান্নাত’। পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। এ ছবির শুটিং শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে। এরপর শুরু হয় ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ। আগামীকাল ছবিটি ছাড়পত্রের আশায় সেন্সরবোর্ডে জমা দেয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।
এ প্রসঙ্গে পরিচালক মানিক বলেন, ‘সেন্সরে জমা দেয়ার সব প্রস্তুতি শেষ। আগামীকাল রোববার জমা দেব। আশা করি, ছবিটি কোনো ধরনের কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেয়ে যাবে বলে আমার বিশ্বাস। ছাড়পত্র পাওয়ার পরই মুক্তি তারিখ চূড়ান্ত করব।’
ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, ‘ছবিটির গল্পই এর প্রাণ। নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে অভিনয় করা অনেকটা চ্যালেঞ্জিং। দর্শকদের বিনোদিত করার জন্য যথেষ্ট চাপ থাকে। চেষ্টা করেছি নিজের শতভাগ উজাড় করে কাজ করার। এছাড়াও মেকিং ও গানগুলো দারুণ হয়েছে। তাই আমি বলব, গল্পের সঙ্গে গানগুলোও ছবিটি দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে নিয়ে আসবে।’
সাইমন বলেন, ‘ছবিটি সেন্সরে যাচ্ছে। এখান থেকে প্রশংসা নিয়েই ছবিটি ছাড়পত্র পাবে বলে আমার বিশ্বাস। এর মধ্যে ছবিটির প্রচারণা শুরু করে দিয়েছি। আশা করি, আমাদের জুটির পোড়ামন ছবিটির মতো এ ছবিটিও দর্শকরা গ্রহণ করবেন।’
এ ছবি ছাড়াও সাইমন ও মাহি একই পরিচালকের ‘আনন্দ অশ্রু’ নামে আরও একটি ছবিতে অভিনয় করছেন। পাশাপাশি শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপতলীর কাজল’ নামে আরও একটি ছবিতে অভিনয় করছেন। যদিও এ ছবিটির শুটিং কিছুদিন করার পর বর্তমানে বন্ধ রয়েছে।
সূত্র:globetodaybd.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.