পেকুয়ায় র্যাবের অভিযানে ৪টি অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
র্যাব-৭ চট্টগ্রামের একটি দল কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নুর (৫২)কে গ্রেপ্তার করেছে। এসময় উদ্ধার করা হয় এসএমসিসহ ৪টি আগ্নেয়াস্ত্র ও ৭রাউন্ড গুলি। গত রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালানো হয়।
এদিকে, কুচক্রি মহলের ইন্ধনে চেয়ারম্যান ছৈয়দ নুরকে ফাঁসানো হয়েছে দাবি করেছে তার স্ত্রী। এলাকার কয়েক হাজার নারী-পুরুষ ছৈয়দ নুরের মুক্তির দাবিতে দফায় দফায় সভা-সমাবেশ করেছে। গ্রেপ্তারকৃত ছৈয়দ নুর উপজেলার রাজাখালী ইউনিয়নের মৃত কাছিম আলীর ছেলে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো.রুহুল আমিন সোমবার সকালে সংবাদ সম্মেলনে দাবি করেন, গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া উপজেলার রাজাখালীস্থ ছৈয়দ নুরের বাড়িতে অভিযান চালায় র্যাব-৭ চট্টগ্রামের একটি টিম। এসময় ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ছৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকারোক্তিমতে তাকে সাথে নিয়ে বাড়িতে তল্লাশি করে পাওয়া যায় ১টি রিভলবার, ১টি ওয়ান শুটার গান, ১টি এসএমসি ও আরো ৫ রাউন্ড গুলি।

এদিকে, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুরের স্ত্রী শামসুর নাহার পেকুয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন উপলক্ষে জেলায় আয়োজিত প্রস্তুতি সভায় অংশ গ্রহণ শেষে বাড়ি ফিরছিল তার স্বামী। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় পথেই ছৈয়দ নুরকে আটক করে র্যাব। পরে আমাদের বাড়িতে অলৌকিক ভাবে অস্ত্র পাওয়ার তথ্য জানানো হয়। সুষ্ঠু তদন্ত করলে সঠিক ঘটনা বের হয়ে আসবে।
অন্যদিকে, ছৈয়দ নুরকে আটক ও তার বাড়িতে অভিযানের শুরুতেই স্থানীয় কয়েক’শ নারী-পুরুষ বাঁধা দেয়। অন্তত ত্রিশ মিনিট পর ওই বাঁধা ডিঙ্গিয়ে ছৈয়দ নুরকে আটক ও অস্ত্র উদ্ধার হয়। ছৈয়দ নুরের সাথে আরো চারজনকে আটক করলেও তাদেরকে ছেড়ে দেয়া হয়। ঘটনার রাত থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজাখালীতে। এলাকার হাজার হাজার মানুষ খন্ড খন্ড মিছিল ছাড়াও সভা-সমাবেশ করেছে। জনগণের দাবি ছৈয়দ নুর এলাকার জনপ্রিয় নেতা। গরীবের অভিভাবক। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। জনতা ছৈয়দ নুরের মুক্তি ও সরকারের উর্ধ্বতন টিম দিয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, চেয়ারম্যান ছৈয়দ নুরকে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় র্যাবের একজন কর্মকর্তা বাদি হয়ে সোমবার থানায় মামলা দায়ের করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.