অনলাইন ডেস্ক :
অভিনয় থেকে বিদায় নিচ্ছেন তাহসান খানতরুণ প্রজন্মের সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কখনো গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। পরিচিত এই মুখকে দর্শকরা সংগীতশিল্পী ও অভিনেতা হিসেবেই বেশি চিনেন-জানেন। যে ক’টি নাটক ও সিনেমায় কাজ করেছেন সবকটিতেই ছিল সাফল্য। পেয়েছেন দর্শকদের ভালোবাসাও।
সম্প্রতি দর্শকদের নতুন গানের সুখবর দিলেও দর্শকনন্দিত এ প্রিয়মুখ হঠাৎ অভিমানের কথাও প্রকাশ করেছেন! কিছুদিন আগেও শ্রোতা-শুভাকাঙ্ক্ষীদের জন্য ‘সেই তুমি কে’ শিরোনামের গান প্রকাশ করেছেন। তবে সম্প্রতি দুঃসংবাদও জানিয়েছেন এই গায়ক-অভিনেতা!
তাহসান খান বাংলাদেশি শোবিজ তারকাদের মধ্যে অন্যতম মেধাবী ও প্রতিভাবান ব্যক্তিত্ব। শোবিজে তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক-বিভিন্ন পরিচয়ে পরিচিত। দীর্ঘদিন মডেলিংও করছিলেন। পাশাপাশি অভিনেতা এমনকি শিক্ষক হিসাবেও কাজ করছেন।
অভিনয় থেকে বিরতি নিলেও অন্যান্য কাজ কীভাবে করবেন? এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এখন থেকে পুরোদমে গান নিয়েই ব্যস্ত থাকব। শিক্ষকতাও চালিয়ে যাব। পাশাপাশি কবিতা চর্চাও করছি। আগামীতে বই বের করারও ইচ্ছা আছে।’
অভিনয় থেকে বিদায় নিচ্ছেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন তাহসান খান। অভিনয়ে আর দেখা যাবে না তাকে; কিন্তু কেন বিরতি নিচ্ছেন, সেই বিষয়েও খোলামেলা কথা বলেছেন গায়ক। জানিয়েছেন, বয়সের সঙ্গে মান ও চাহিদায় পরিবর্তন আসে। তার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তিনি মনে করেন, তার বয়স অনুযায়ী বিরতি নেয়া উচিত।
সংগীতের বিষয়ে প্রতিভাবান এই ব্যক্তি জানিয়েছেন, সংগীত তার কাছে ভালো লাগা ও ভালোবাসার জায়গা। দীর্ঘদিন ধরেই সংগীতে অনিয়মিত। তবে এখন থেকে সংগীতে নিয়মিত হতে চাচ্ছেন তিনি।
সংগীত ও অভিনয় চাইলেই পাশাপাশি করার সুযোগ রয়েছে তাহসান খানের। সুযোগ থাকার পরেও অভিনয় থেকে বিরতি নেয়ার কারণ হিসেবে জানিয়েছেন, প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করা উচিত। একসঙ্গে একাধিক কাজ করলে কখনো কখনো তা সুন্দর হয় না। তাই একাধিক কাজ একসঙ্গে করতে চান না। আর অভিনয়ের এই বিরতি দু-তিন বছর বা কিছুটা বেশি সময়ের জন্য।
সম্প্রতি তাহসান ‘সেই তুমি কে’ নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এরই মধ্যে গানের ভিডিও প্রকাশ হয়েছে। এতে মডেল হিসাবেও তাকে দেখা গেছে। এ ছাড়া নতুন গান নিয়ে তিনি কাজ করছেন বলে জানিয়েছেন। পাশাপাশি শীতের কনসার্টে অংশগ্রহণের জন্যও প্রস্তুতি নিচ্ছেন। এদিকে তাহসান অভিনীত ‘নো ল্যান্ডস ম্যান’ নামে একটি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.