সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / আবারও জাতীয় দলের স্পন্সর রবি

আবারও জাতীয় দলের স্পন্সর রবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: বিসিবি

বৃহস্পতিবার (চার মে) বিকেল চারটায় শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশীপের দরপত্র জমা দেওয়ার সময়। এদিনই মাশরাফি-মুশফিকদের নতুন স্পন্সরের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের নতুন স্পন্সরশীপ স্বত্ব পেয়েছে মোবাইল সেবাদানাকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড।

আগামী দুই বছরের জন্য জাতীয় দলের স্পন্সরশীপ পেয়েছে রবি। এক জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৯ সালের এক জুলাই। আগামী দুই বছরের জন্য তারা জাতীয় ক্রিকেট দল, জাতীয় মহিলা ক্রিকেট দল, অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল এবং বাংলাদেশ ‘এ’ দলের স্পন্সর হিসেবে কাজ করবে। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জাতীয় দলের স্পন্সরশীপ পেলো প্রতিষ্ঠানটি।

চুক্তিতে নতুন একটি বিষয় অন্তর্ভূক্ত করেছে বিসিবি। এর আগে আইসিসির কোনো ইভেন্টে কোনো কোম্পানিই চুক্তি করার সুযোগ পায়নি। কিন্তু এবার আইসিসির ইভেন্টেও স্পন্সর হিসেবে থাকতে পারবে রবি। এক্ষেত্রে অবশ্য আইসিসির বেধে দেওয়া নিয়মের মধ্যে থাকতে হবে রবিকে।

শুরুতে পাঁচটি প্রতিষ্ঠান জাতীয় দলের স্পন্সর হতে আগ্রহ দেখিয়েছিলো। আগ্রহী প্রতিষ্ঠানগুলো হলো – প্রাণ আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, বিকাশ, গ্রামীনফোন এবং রবি। তবে শেষ পর্যন্ত দৌড়ে টিকে ছিলো রবি এবং প্রাণ আরএফএল। জানা গেছে, বর্তমান মূল্যের চেয়ে প্রায় ৫০ ভাগ বেশি মূল্যে স্পন্সরশীপ কিনেছে রবি। তবে বিসিবির পক্ষ থেকে সঠিক মূল্য জানানো হয়নি।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যেটা ছিলো সেটা সুরাহা করা হয়েছে। ওটাই গুরুত্বপূর্ণ। ওটা সুরাহা না করতে পারলে তো আমরা চুক্তি করতাম না।’

বিসিবির বিপণন ও বাণিজ্য পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, ‘আগামী দুই বছরের জন্য রবি আমাদের স্পন্সরশীপ পেয়েছে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রবির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। যেটা শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে। এবারের স্পন্সর মূল্য গেলবারের চেয়েও ৫০ ভাগ বেশি। এর মূল কারণ বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমাদের ফ্লোর প্রাইজ যেটা দেওয়া ছিলো সেটা ক্রস করেছে রবি। পুরো প্রক্রিয়াটি গেল বছরের মতো করা হয়েছে। আমাদের চাটার্ড একাউন্ট ফার্ম তারা পুরো বিষয়টি পর্যালোচনা করেছে।’

স্পন্সর স্বত্ব পাওয়ায় রবিকে ধন্যবাদ জানিয়ে কাজী ইনাম আরও বলেন, ‘এর আগের দুই বছরও তারা ছিলো। রবি আমাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো থাকায় আমরা খুব খুশি এবং গর্বিত। তারা এবারের সবচেয়ে সফল বিটার। তারা দুই বছর আমাদের সাপোর্ট করেছে। আশা করি এই ধারা অব্যহত থাকবে।’

রবির নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করছে বিশ্বের এক নম্বর ক্রিকেট দল। এদিকে রবি তৈরি করছে বাংলাদেশের সেরা নেটওয়ার্ক। আমরা এক সঙ্গে ছিলাম, আগামীতেও আমরা একসঙ্গে থাকবো।’

চলতি বছরের জুনে রবির সাথে বিসিবির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই জাতীয় দলের নতুন স্পন্সরের জন্য দরপত্র আহবান করে বিসিবি। গেল ২৯ এপ্রিল শেষ হয় দরপত্র জমা দেওয়ার প্রথম পর্ব। দুই মে দ্বিতীয় ধাপে দরপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সুবিধার কথা মাথায় রেখে দু’দিন সময় বাড়ায় বিসিবি।

সূত্র:মুশাহিদ মিশু/ শান্ত মাহমুদ/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.