
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের আল-তাজি বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের সদস্যরা এই ঘাঁটিতে অবস্থান করলেও রকেট হামলায় কোনও হতাহত হয়নি বলে মঙ্গলবার দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ইরাকের সামরিক বাহিনীর এক ক্যাপ্টেন তুরস্কের সরকারি সংবাদ সংস্থাকে বলেন, বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার উত্তরে আল-তাজি বিমান ঘাঁটি আক্রান্ত হয়েছে। মঙ্গলবার অন্তত দুটি কাতিউসা রকেট এই ঘাঁটিতে আছড়ে পড়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরাকের সৈন্যরা ছাড়াও মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের সদস্যদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় আল-তাজি বিমান ঘাঁটি। এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী বলছে, হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী ওই বিমান ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেনি।
তুরস্কের সংবাদ সংস্থা বলছে, মার্কিন সৈন্যদের উপস্থিতি থাকায় ইরান-সমর্থিত শিয়াপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলোর সম্ভাব্য টার্গেটে পরিণত হতে পারে আল-তাজি বিমান ঘাঁটি।
গত ৩ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর ওই অঞ্চলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের তীব্র উত্তেজনা শুরু হয়। সোলেইমানি হত্যার বদলা নিতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে এতে কোনও হতাহত হয়নি বলে যুক্তরাষ্ট্র জানায়।
আল-তাজি ঘাঁটি আক্রান্ত হওয়ার দুদিন আগে বাগদাদের উত্তরাঞ্চলে আরেকটি সামরিক ঘাঁটিতেও রকেট হামলা হয়। এতে ইরাকের সামরিক বাহিনীর অন্তত চার সদস্য আহত হয়। এই ঘাঁটিতেও মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।
সূত্র: deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.