
প্রতিকী ছবি
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে তুচ্ছ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৪/৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। ১৯ নভেম্বর রাত আনুমানিক দশটার দিকে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও কলেজ গেইট সংলগ্ন ইউনুছের দোকানের সামনে।
আহতরা হলেন- দক্ষিণ মেহেরঘোনার মোহাম্মদ কালুর পুত্র শফি উল্লাহ, নুরুল আলমের পুত্র সাইফুল ইসলাম, ভাইম্যা পাড়ার আবুল কালামসহ আরো দুইজন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন ৯টার দিকে কলেজ গেইট সংলগ্ন এলাকায় আবুল কালাম ও শফি উল্লাহদের সাথে কথা কাটাকাটি হয়। এ কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির রূপ নিলে আবুল কালাম লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। হামলার বিষয়টি দক্ষিণ মেহেরঘোনায় জানাজানি হলে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ঐ এলাকায় লোকজন লাঠিসোটা নিয়ে আবুল কালামের শশুর বাড়ীতে গিয়ে তাকেও মারধর করে। তাৎক্ষণিক খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নছিম উদ্দীনসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
স্থানীয় নারী সদস্যা জানান, আহত শফিউল্লাহ ও সাইফুলের শরীরে বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। এ ঘটনায় দুই এলাকাবাসীর মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। তদন্ত কেন্দ্রের এস আই দেবাশীষ সরকার দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.