অনলাইন ডেস্ক :
বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তি জেমস গতবারের মতো এবারও রোজার ঈদের চাঁদরাতে নতুন গান নিয়ে হাজির হবেন। এবারের ঈদেও ভক্তদের নিরাশ করছেন না এই জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস।
গত বছর রোজার ঈদে প্রকাশ হয়েছিল এই তারকার গান। এবারও রোজার ঈদের চাঁদ রাতে আসছে জেমসের নতুন গান। গানটি জেমসের পক্ষ থেকে তার ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি এক ডিজিটালের ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে ২০২২ সালে প্রকাশ হয়েছিল জেমসের ‘আই লাভ ইউ’। গানটি গায়কের সঙ্গে যৌথভাবে লিখেছিলেন বিশু। প্রখ্যাত এই গীতিকার প্রয়াত হয়েছেন সম্প্রতি।
তবে এবারের প্রকাশ হতে যাওয়া গান কে লিখেছেন তা জানা যায়নি। গানের নাম কি সেটাও জানা যায়নি। গানের নাম ভক্তদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে বলে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন। তিনি বলেন, গেল বছরের রোজার ঈদেও জেমসের গানটি ছিল ভক্তদের জন্য চমক। সেই ধারাবাহিকতা রাখা হয়েছে এবারেও। আশা করি, জেমসভক্তরা গানটি গ্রহণ করবেন।
দেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমণি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।
উল্লেখ্য, দেশে-বিদেশে নিয়মিত গান করে যাচ্ছেন জেমস। সেইসঙ্গে চলচ্চিত্রে প্লেব্যাকও করছেন তার মতো করে। বলিউডের একটি চলচ্চিত্রে অভিনয় করতেও দেখা গেছে তাকে। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের নন্দিত এ সঙ্গীতশিল্পী ভারতের বলিউডেও গান গেয়েছেন। সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঝুলিতে ভরেছেন তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.