
নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের একদিন পর স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গলা কাটা মরদেহ নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ ৮ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে স্থানীয়রা জালিয়া পালং ইউনিয়নের একটি খালে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং তা নিখোঁজ ইউপি সদস্য কামাল উদ্দিন দুর্জয় বলে শনাক্ত করে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে কামাল উদ্দিন দুর্জয় নিজ বাসা থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ থাকেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় বিষয়টি রাতেই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
নিহত কামাল উদ্দিন দুর্জয় উখিয়া ১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
এদিকে পুলিশ জানায়, কারা এ ঘটনা ঘটিয়েছে এ সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তার অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.