
দুই দিনের কলকাতা সফর শেষে ঢাকায় ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও প্রধানমন্ত্রীর এসডিজি মূখ্য সমন্বয়ক কর্মকর্তারা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দুদিনের কলকাতা সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ মে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২৫ মে, শুক্রবার দুই দিনের সফরে কলকাতা যান শেখ হাসিনা। ওই দিন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। সফরকালে প্রধানমন্ত্রী শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দেন।
২৬ মে, শনিবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (কেএনইউ) বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ‘ডি লিট’ ডিগ্রি গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একইদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা শুক্রবার সকাল ৮টা ৫২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং প্রধানমন্ত্রীর রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র ও জ্বালানিবিষয়ক চার উপদেষ্টা তার সফরসঙ্গী হিসেবে ছিলেন।
সূত্র:ফারজানা মাহাবুবা-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.