অনলাইন ডেস্ক :
কানাডার কেন্দ্রীয় সাসক্যাচুয়ান প্রদেশে দফায় দফায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিবিসি এবং আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার কানাডার সাসকাচোয়ান প্রদেশের দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি হামলা চালালে এ ঘটনা ঘটে। হামলার পর বিপজ্জনক ব্যক্তিদের ধরতে ওই প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবায়ও প্রদেশেরও একই সতর্কতা জারি করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন দুই হামলাকারীর নাম প্রকাশ করেছে। এদের একজন ড্যামিয়েন সান্দারসন (৩১) এবং অপরজন মাইলস সান্দারসন (৩০)।
হামলার পর থেকে তারা পলাতক। ধারণা করা হচ্ছে, তাদের কাছে অস্ত্র আছে এবং তারা বিপজ্জনক।
বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, হামলাগুলো ভয়াবহ এবং হৃদয় বিদারক। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমি তাদের কথা ভাবছি যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন।
রবিবার সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানিয়েছে, হামলায় আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। হামলার শিকার আহত ব্যক্তিদের যারা হাসপাতালে নিয়ে গেছেন তাদের কর্তৃপক্ষের সংগে যোগাযোগ করতে বলা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.