
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ৫ জানুয়ারিকে ’গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৫ জানুয়ারি শুক্রবারকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল এই আহ্বান জানান।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন। এ দিনটিকে বিএনপি ‘গণতন্ত্রের কাল দিবস’ হিসেবে আখ্যা দিলেও ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করবে আওয়ামী লীগ।
দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিনি (ওবায়দুল) এক বিবৃতিতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে দেশের সর্বস্তরের জনগণকে গণতন্ত্রের বিজয়ের এই ঐতিহাসিক দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্যও অনুরোধ জানিয়েছেন সেতুমন্ত্রী”
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “গণতন্ত্র প্রগতি উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠার অভিযাত্রায় ৫ জানুয়ারির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা, প্রজ্ঞা ও সাহসী পদক্ষেপের কারণেই ২০১৪ সালের এ দিন বিএনপি-জামাত জোট চক্রের সংবিধানবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে দেশের জনগণ দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করে।”
“অসীম সাহসে বিএনপি-জামাত অশুভ জোটের গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টাকে রুখে দিয়ে সংকট উত্তরণের পথে এগিয়ে যায় বাংলাদেশ। নির্বাচন বানচালে সারা দেশে বিএনপি-জামায়াত জোটের জ্বালাও-পোড়াও, হত্যা, সন্ত্রাস, লুটতরাজ, ভাঙচুর, বৃক্ষনিধন ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায় দেশের জনগণ।”
৫ জানুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচি
দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিনে ৫ জানুয়ারি শুক্রবার আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৩টায় বনানী পূজা মাঠে ঢাকা মহানগর উত্তর এবং ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সূত্র:priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.