
অনলাইন ডেস্ক :
গরুর মাংসের কালাভুনা। কোরবানির ঈদের এ সময়ে প্রচুর মাংস খাওয়া হয়ে থাকে। তবে এর মাঝেও আনা সম্ভব স্বাদের বৈচিত্র্য। আর এজন্যে গরুর মাংসের কালাভুনার জুড়ি নেই। এ রান্নাটির আসল গুণ হচ্ছে তাতে প্রচুর মসলার মিশ্রণ থাকে। মসলার সংমিশ্রণে সঠিক উপায়ে রান্না করেই আনতে হয় কালাভুনার কালো রঙ। সঠিক রেসিপি জানা না থাকলে কালাভুনার স্বাদ হবে না।
ঘরেও খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কালা ভুনা। তাহলে আর দেরি কেন জেনে নিন কালা ভুনা রান্নার সবচেয়ে সহজ রেসিপি-
মাংস মাখানোর উপকরণ :
- গরুর মাংস- ২ কেজি (হাড়সহ বড় টুকরো)
- পেঁয়াজ- ১ কাপ (কিউব করে কাটা)
- তেজপাতা- ৩টি
- লবঙ্গ- ৬-৭টি
- গোলমরিচ- ১০-১২টি
- দারুচিনি- ৩-৪ টুকরা
- স্টার এনিস মসলা- ৩-৪টি
- কালো বড় এলাচ- ৩টি
- ছোট সাদা এলাচ- কয়েকটি
বাগারের উপকরণ:
- পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ
- শুকনা মরিচ গুঁড়া- ২ চা চামচ
- হলুদ গুঁড়া- আধা চা চামচ
- ধনে গুঁড়া- ২ টেবিল চামচ
- আদা বাটা- ১ টেবিল চামচ
- রসুন বাটা- ১ টেবিল চামচ
- লবণ- স্বাদ অনুযায়ী পরিমাণমতো
- তেল- ১ কাপ
সেদ্ধ মাংসে দেওয়ার উপকরণ:
- গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
- জয়ফল- ১টি (গুঁড়া)
- জয়ত্রী- ২ গ্রাম
- ভাজা জিরা গুঁড়া- আধা চা চামচ
- গরম মসলা- আধা চা চামচ
- মশলার গুঁড়া- আধা চা চামচ
বাগারের উপকরণ :
- সরিষার তেল- ১ কাপ
- পেঁয়াজ কুচি- আধা কাপ
- রসুন কুচি- ১ টেবিল চামচ
- আদা কুচি- ১ টেবিল চামচ
- শুকনা মরিচ- ১০টি
রন্ধন প্রণালি :
প্রথমে একটি কড়াইয়ে আগে মাংস মাখানোর সকল উপকরণ দিয়ে ভাল করে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর জ্বাল বাড়িয়ে চুলায় চড়িয়ে মাংসগুলো চড়িয়ে দিন। পানি দেওয়ার প্রয়োজন নেই তবে মিনিট পাঁচেক পরপর নেড়ে দিতে হবে। মাংস থেকে পানি বের হলেও যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে ততক্ষণ পর্যন্ত একইভাবে নেড়ে যেতে হবে।
তেল ভেসে উঠলে আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, জয়ফল, জয়ত্রী, ভাজা জিরা গুঁড়া, গরম মশলা ও গুঁড়া মশলা দিয়ে ভালো করে নাড়তে হবে। এবারে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিয়ে রান্না করতে থাকুন।
মাংস রান্না হয়ে গেলে এবার বাগার দেওয়ার পালা। এজন্য ফ্রাই প্যানে সরিষার তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে। রসুন ও আদা কুঁচি ও শুকনা মরিচও ভেজে নিতে হবে। এরপর অল্প কিছুটা রান্না করা মাংস তুলে এর মধ্যে জ্বাল বেশি দিয়ে রান্না করতে হবে। এরপর পেঁয়াজ, আদা, রসুন ও শুকনা মরিচের মিশ্রণের সঙ্গে অল্প করে তুলে রাখা মাংস অন্য মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে সেটি মাঝারি চুলার আঁচে ভালোমতো নেড়ে ৫ মিনিটের মতো রান্না করতে হবে।
এরপর আবার এক কাপ পেঁয়াজ ও আধা চামত করে গরম মশলার গুঁড়া (মিষ্টি সস) দিয়ে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজের রং বদলানোর আগ পর্যন্ত নাড়তে হবে। রং পরিবর্তন হয়ে গেলে পরিবেশন পর্যন্ত ঢেকে রাখুন।
এরপর একদম কালচে এবং ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস! তৈরি হয়ে গেল গরুর মাংসের সুস্বাদু কালাভুনা। পোলাও, পরোটা বা নানের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার গরুর মাংসের কালাভুনা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.