
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় শাহিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে দুই মহিলাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৯ টার দিকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সদরঘোনা এলাকার ছারাবটতলী থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ শাহিদা বেগম ওই এলাকার নুর আহমদের স্ত্রী।
আটককৃতরা হলেন- রওশন আরা বেগম (৪৫) ও তার মেয়ে মিনা আক্তার (২০)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, সদরঘোনা এলাকায় এক মহিলার লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিউল আলম চৌধুরীসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। ওইখান থেকে মৃত অবস্থায় শাহিদা বেগমের মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি ওই মহিলাকে প্রথমে গলা টিপে হত্যা করা হয়। পরে ছুরি দিয়ে তার গলা কাটা হয়। তবে ডাক্তারি রিপোর্ট হাতে আসলে হত্যার ধরন জানা যাবে। নিহতের গলায় তিনটি আঙ্গুলের চিহ্ন এবং ছুরির আঘাত রয়েছে। এঘটনার সাথে জড়িত অভিযোগে একই এলাকার রওশন আরা ও তার মেয়ে মিনাকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের কারণ উদঘাটনে বেশ কয়েকটি বিষয় নিয়ে এগুচ্ছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.