
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই ধর্ষক নিহত হলেও থেমে নেই শিশু ধর্ষণের ঘটনা। আবারো চকরিয়ায় ঘটেছে শিশু ধর্ষণের মতো চাঞ্চল্যকর ঘটনা। শিশু ধর্ষণের অভিযোগে মো.ফয়সাল মিয়া (২০) নামের এক যুবককে গ্রাম পুলিশের সহায়তায় ধরে পুলিশে সোপর্দ করেছে লক্ষ্যারচরের ইউপি চেয়ারম্যান। গত রবিবার বিকালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফয়সালকে সোমবার ভোররাত দেড়টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের পাহাড়ি গ্রাম ইসলামনগর থেকে গ্রাম পুলিশেরা পাকড়াও করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটক মো.ফয়সাল মিয়া ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহাম্মদ মিয়ার ছেলে। ফয়সালকে আসামী করে নির্যাতিত শিশুর মা বাদি হয়ে সোমবার দুপুরে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
জানা গেছে, গত রবিবার বিকালে কাকারা ইউনিয়নের পাহাড়ী গ্রাম আল আমিন পাড়ার ১৩ বছর বয়সী এক শিশু পাহাড় থেকে গরু আনতে যায়। সেখানে ওই শিশুকে একা পেয়ে ফয়সাল মিয়া ধর্ষণ করে। এসময় তার চিৎকারে এক কাঠুরিয়া এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। ওই শিশুকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাইছার বলেন, লক্ষ্যারচর ইউনিয়নের পার্শ্ববর্তী কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আল আমিন পাড়ার ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের কথা শোনার পর ওই ঘটনার সত্য-মিথ্যা যাচাই করতে চেষ্টা করি। পরে পরিবার সদস্যদের কাছ থেকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হই।
তিনি আরো বলেন, স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনার বিস্তারিত জেনে সত্যতা পাওয়ার পর ধর্ষণের অভিযোগ উঠা যুবকের পিতা-মাতাকে পরিষদে ডেকে পাঠাই। তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগরের পাহাড়ি এলাকা থেকে সোমবার ভোররাত দেড়টার দিকে ফয়সালকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশের সহায়তায় চেয়ারম্যান ফয়সালকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। ধর্ষণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হলেও ফয়সালের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছি। এই ঘটনায় ফয়সালকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, ডাক্তারি রিপোর্ট পেলে ধর্ষণের সত্য-মিথ্যা বলা যাবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.