
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বসত ভিটের বিরোধ নিয়ে ছোট ভাই জিয়াবুল করিম (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই নুরুল আবছার প্রকাশ বাবুল ডাকাত। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কুপিয়ে জখমের পর জিয়াবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ওইদিন রাত ১টায় তিনি মারা যান। উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমজীবি জিয়াবুল করিম মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সোমবার রাতে বৃষ্টি কমার পর দোকান থেকে বাড়ি ফিরছিল জিয়াবুল। ওই সময় পেছন দিক থেকে এসে বড় ভাই নুরুল আবছার বাবুল ধারালো দা দিয়ে ছোট ভাই জিয়াবুলকে এলোপাতাড়ি কোপালে পথে লুটে পড়েন তিনি।
চেয়ারম্যান নুরুল আমির আরো বলেন, নুরুল আবছার বাবুল একসময় ডাকাতি করতো। বর্তমানে চুরি করাই তার পেশা। জিয়াবুলকে কোপানোর পর স্থানীয়দের নিয়ে বাবুলকে ধরতে ধাওয়া করি । কিন্তু সে নিকটবর্তী পাহাড়ি অরণ্যে পালিয়ে যাওয়া তাকে ধরা সম্ভব হয়নি।
এদিন রাত ৯টার দিকে স্থানীয় লোকজন গুরুতর জখমপ্রাপ্ত জিয়াবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চমেকের চিকিৎসকরা হাসপাতালে নেয়া জিয়াবুলকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জিয়াবুলের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। নিহতের স্ত্রী আসমত আরা বেগম বাদি হয়ে তার ভাসুর নুরুল আবছার বাবুল ও জা’কে আসামী একটি এজাহার দিয়েছেন।
তিনি আরো বলেন, এজাহারে বাদি দাবি করেছেন, বাবুল ও তার স্ত্রী মিলে আমার স্বামী জিয়াবুলকে হত্যা করেছে। এর আগেও একবার জিয়াবুলকে বড় ভাই বাবুল হত্যার চেষ্টা করে বলে বাদি এজাহারে দাবি করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.