
চলতি বছরের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে গণভবনে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৬টি বিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রিডে সংযুক্ত নতুন ৯টি গ্রিড উপকেন্দ্র, সন্দীপ উপজেলায় বিশেষায়িত বিদ্যুতায়ন এবং ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নীত হয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবারের নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়ে জয়ী করেছেন, তাই আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছেন সেটা সামনে রেখেই আমরা এগিয়ে যাব।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সার্বিক উন্নয়নে সব থেকে বেশি প্রয়োজন হল বিদ্যুৎ। যেটা মানুষের চাহিদা। মানুষের খাদ্যের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আর বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটা ঘরে আলো জ্বালবো এটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন।
শেখ হাসিনা বলেন, ‘বিদ্যুৎ পেতে এখন আর দৌড়াদৌড়ি করতে হয় না। বরং এখন আমরা আলোর পসরা নিয়ে মানুষের কাছে আমরাই যাচ্ছি। আলো সবার ঘরে আমরাই পৌঁছে দেব।’
তিনি বলেন, ‘মাথাপিছু আয় বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে। সেই সঙ্গে সঙ্গে চাহিদাও বেড়ে যাচ্ছে। আর এই চাহিদার সঙ্গে সঙ্গেই আমরা বিদ্যুৎ উৎপাদনও বাড়াচ্ছি।’
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.