অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ :
সরকারী ছুটির দিনেও সরব ছিল কক্সবাজার আদালত পাড়া। স্বরাষ্ট্রমন্ত্রী ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কক্সবাজারে আগমনকে কেন্দ্র করে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল বলে জানা যায়। এসময় জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
জেলা প্রশাসনের কর্মকর্তা স্বপন কুমার পাল জানান, ৪দিনের সফরে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এম.পি ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমদ কক্সবাজারে আসায় এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে দফায় দফায় বৈঠক করার কারণে আজ আদালত পাড়া ছুটির দিনেও সরব হয়ে উঠেছিল।
তিনি আরও বলেন, একসাথে সকল দপ্তরের কর্মকর্তারা আদালত পাড়ায় উপস্থিত হওয়ায় তাদের বহনকারী ৩৫/৪০টি গাড়ী একসাথে আসায় যানজটের সৃষ্টি হয়।
পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত ও জিআরও অফিসের কার্যক্রমও চলেছে। ফলে এর সুফল পেয়েছে সাধারণ বিচার প্রার্থী ও ফরিয়াদীরা। এছাড়া ফৌজদারী আইনজীবীরা চেম্বার করেছেন।
জেলার প্রবীন আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ছুটির দিনে বিভিন্ন মামলার আসামীদের পুলিশ ধৃত করে আদালতে চালান দিলে আমাদের থেকে ধৃত আসামীদের জামিনের ব্যবস্থা করতে হয়। তাই ছুটিরদিনেও আমাদের আদালতে আসতে হয়।
আইনজীবী সহকারী নাছির উদ্দিন বলেন, ছুটির দিনে ধৃত আসামীদের আদালত থেকে আসামীদের জামিনে ছাড়িয়ে নিতে আমাদের সিনিয়রদের পাশাপাশি সহকারীদেরও আদালতে উপস্থিত থাকতে হয়। তাই নিয়মিত ছুটির দিনে আমি সহ অন্যান্য আইনজীবী সহকারীগণ আদালত পাড়ায় উপস্থিত থাকে।
কক্সবাজার আদালত পাড়া অবস্থিত ভাস্যমান টি-স্টলের মালিক ফরিদ আলম বলেন, অন্যান্য ছুটির দিনে আদালত পাড়ায় তেমন লোক সমাগম না হলেও আজ লোকসমাগম একটু বেশী হয়েছে। হয়তো মন্ত্রী এসেছেন তাই জেলার বিভিন্ন দপ্তরের গাড়ী গুলোর এমন ভিড় জমেছে। ফলে আমার চায়ের ব্যবসাও আজ ভাল হয়েছে।
ষ্ট্যাম্প ভেন্ডার জসিম উদ্দিন বলেন, ছুটির দিনেও অনেকে ষ্ট্যাম্প, জামিননামা, ওকালতনামা এসব ক্রয় করে তাই ছুটির দিনেও সাধারণ মানুষকে সেবা দিতে আজ দোকান খুলেছি।
ষ্টেশনারী দোকানদার সুধির শর্মা বলেন, অন্যান্য দিনের চাইতে ছুটির দিনে কিছুটা ব্যবসা কম হলেও এ সুযোগ হাতছাড়া করতে চাই না। বন্ধের দিন যদি ঘরে বসে থাকি তাহলে বন্ধের দিনে যে খরচ আছে সংসারে তা কে চালাবে। তাই কিছু লাভের আশায় সরকারী ছুটির দিনেও ব্যবসা খোলা রাখি।
এদিকে সপ্তাহে ২দিন ছুটির প্রতি ক্ষোভ প্রকাশ করে এক বিচারপ্রার্থী বলেন, আমাদের মত গরীব দেশে দুইদিন অফিস আদালত বন্ধ থাকা ভাল নয়। এর কারণে আমাদের মত সাধারণ মানুষরা বিভিন্ন সমস্যা পড়তে হয়। তাই সরকারের প্রতি দাবী জানাচ্ছি যেন সরকারী বন্ধ একদিন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.