
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২৮ অক্টোবর, রবিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও)-এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আরপিওর ৯০বি আর্টিকেলের শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধনের জন্য আবেদন করেছিল এবং এর পরিপ্রেক্ষিতে দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছিল।
হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের দেওয়া রায়ে আদালত জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় আরপিওর ৯০এইচ-এর উপ-ধারা ৪ অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
২০১৩ সালের ১ আগস্ট প্রদত্ত রায়ে (হাইকোর্ট বিভাগ কর্তৃক রিট পিটিশন নং-৬৩০/২০০৯-এর ওপর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করলেও ২৯ অক্টোবর রাত ৮টার দিকেও জামায়াতে ইসলামীর নাম অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগের অবস্থাতেই দেখা যায় ইসির ওয়েবসাইটে ।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৪ নভেম্বর দলটিকে নিবন্ধন দেয় ইসি। জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রতীক ছিল দাঁড়িপাল্লা। দলটির ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি ছিলেন রফিকুল ইসলাম খান।
সূত্র:প্রদীপ দাস; priyo.com- ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.