
টুইটারের শেয়ার কিনলেন ইলন মাস্ক
অনলাইন ডেস্ক :
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। যার মূল্য হচ্ছে প্রায় তিনশ কোটি ডলার। ফলে তিনি মাইক্রোব্লগিং সাইট টুইটারের সব চেয়ে বেশি শেয়ারের মালিক হলেন। এরপরই টুইটারের শেয়ারের দর ২৫ শতাংশ বেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। সোমবার (৪ এপ্রিল) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানায়, গেল ১৪ মার্চ টেসলার প্রতিষ্ঠাতা টুইটারের ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮ শেয়ার কিনেছিলেন।
বিশাল অংকের শেয়ার কেনায় কোম্পানিটির (টুইটার) বড় শেয়ারহোল্ডারে পরিণত করেছে তাকে। অন্যদিকে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসির কাছে শেয়ার রয়েছে মাত্র দুই দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ ডোরসির চেয়ে চারগুণ বেশি শেয়ারের মালিক এখন ইলন মাস্ক।
মাস্ক প্রতিনিয়তই টুইটার ব্যবহার করেন। এতে তার আট কোটির বেশি ফলোয়ার রয়েছে। সম্প্রতি তিনি বলেছেন, তিনি একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা গুরুত্ব সহকারে ভাবছেন।
ইলন মাস্ক কখনো টেসলা, কখনো স্পেসএক্স নিয়ে সংবাদের শিরোনামে আসছেন। নানা সময়ে নানান বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। নানান সময় নানান পরামর্শমূলক কথাবার্তাও টুইট করেন।
ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক গোটা বিশ্বের তরুণদের জন্য একটি অনুপ্রেরণার নাম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.