
ফাইল ফটো
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে পুলিশের সঙ্গে “বন্দুকযুদ্ধে” মোঃ হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, সে পাহাড়ী এলাকার ডাকাত দলের সক্রিয় সদস্য ও মাদক কারবারে জড়িত অপরাধী।
৩০ মার্চ ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়ন হাবিরছড়া এলাকায় পুলিশের ডাকাত ও মাদক পাচারে জড়িত চক্রের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। অভিযানের সত্যতা নিশ্চিত করে (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ২৯ মার্চ শুক্রবার পুলিশের হাতে আটক হয় মোঃ হোসেন এরপর ৩০ মার্চ গভীর রাতে আটক আসামীকে নিয়ে অভিযানে যায় টেকনাফ থানার একটি পুলিশের দল। এসময় টেকনাফ সদর ইউনিয়ন হাবিরছড়া পাহাড়ি এলাকায় পৌঁছালে আটককৃত আসামীকে ছিনিয়ে নিতে একদল ইয়াবা কারবারী ও ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
এই সময় পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত ও ইয়াবা কারবারে জড়িত অপরাধীরা পিছু হটে পালিয়ে যায়। এতে দুই পক্ষের গোলাগুলিতে আটককৃত আসামী গুলিবিদ্ধ হয়।
তিনি আরও জানান, এসময় ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ৩টি অস্ত্র, ১২ রাউন্ড গুলি, ৪০টি গুলির খোসা ও ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হচ্ছে, এএসআই ফরহাদ, কনেস্টবল ফাহিম ও মাসুদ রানা।
থানা সুত্রে আরো জানা যায়, নিহত মোঃ হোসেনের বিরুদ্ধে ডাকাতী, মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এদিকে টেকনাফ হাসপাতাল সুত্রে জানা যায়, টেকনাফ থানা পুলিশ সদস্যরা ৩০ মার্চ সকাল সাড়ে ৫টার দিকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ এক যুবককে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই সময় বন্দুকযুদ্ধে আহত হওয়া ৩ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আর মৃতদেহটির ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে পুলিশ। উক্ত ঘটনার সাথে জড়িত থাকা বেশ কয়েকজন চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.