
প্রতিকী ফটো
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে খুচরা মাদকের আস্তানা খ্যাত হ্নীলা চৌধুরী পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত সদস্যরা। উক্ত অভিযানে, খুচরা ৩ মাদক বিক্রেতাকে আটক ও ৮০ হাজার লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে এবং সাত জন ব্যক্তিকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ হ্নীলা ইউনিয়ন চৌধুরী পাড়া এলাকার জ মে নাইং (২২), নাটমুরা পাড়ার বেলাল উদ্দীন (২০) ও সদরের কচুবনিয়া এলাকার আব্দুল গণি (২৮)।
জানা যায়, ২৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়ন চৌধুরী পাড়া খুচরা মাদকের আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবুল মনসুর ও টেকনাফ র্যাব-১৫ ক্যাম্প ইনচার্জ লে.মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব।
র্যাব সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় হ্নীলা চৌধূরী পাড়া মাদক তৈরীর আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এসময় বেশ কয়েকটি বাড়ি থেকে ৮০ হাজার লিটার চৌলাই মদ উদ্ধার করে পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবুল মনসুরের নির্দেশনায় উদ্ধারকৃত চোলাই মদ গুলো ধ্বংস করা হয়। পাশাপাশি চোখিং ওয়ান, মে মোছেন, মাছেন এ, মারী, উছেন ও উছেন কীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনর্চাজ লে.মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব বলেন, মাদক আস্তানায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে।
জানতে চাইলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবুল মনসুর বলেন, মাদক আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিন মাদক ক্রেতাকে আটক করা হয়। এসময় ৮০ হাজার লিটার মাদক জাতীয় ভেজাল পানিয় মদ ধ্বংস করে, ৭ জনকে জরিমানা করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.