কক্সবাজারের ফুটবল ঐতিহ্যের ধারক বাহক ফেভারিট রামু উপজেলা ক্রীড়া সংস্থা সেভেন রিংস সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছে। ৩১ অক্টোবর বর্ষণসিক্ত বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রামু একমাত্র গোলে হারিয়েছে প্রবল প্রতিপক্ষ মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে।
রামুর জয়ের নায়ক ৯নং জার্সিধারী স্ট্রাইকার ও দলীয় অধিনায়ক দিদার। ম্যাচের ২০ মিনিটে মহেশখালীর ডিফেন্ডারদের ভুলে আমজাদের পাস থেকে কোণাকুনি শটে দিদার মহামূল্যবান গোলটি করেন। এ জয় কুড়িয়ে রামু ২ নভেম্বর প্রথম সেমিতে রানিং চ্যাম্পিয়ন চকরিয়ার মুখোমুখি হবে। ৩ নভেম্বর দ্বিতীয় সেমি ফাইনালে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলার প্রতিপক্ষ গেল আসরের রানার্স আপ উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থা।
এদিকে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলার আট উপজেলা ফুটবল দলের টুর্নামেন্টে মুখোমুখি হয় শক্তিশালী দু’দল রামু বনাম মহেশখালী। শক্তি বাড়াতে রামু ঢাকা ও চট্টগ্রাম থেকে উড়িয়ে আনে ক্যামেরুনের এরিক, শিলা ও আমজাদকে।
এদের সাথে ঘরের ছেলে জাহাঙ্গীর, দিদার, সুমন, সোহেল, মুকুট, কৌশিকতো আছেই। সব মিলিয়ে রামু একাদশ ছিল শক্তির বিচারে দেখার মতোই।
অন্যদিকে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ সংগঠক মহেশখালী দলও সাজান জাতীয় তারকা সবুজ, ঘানার ঈসা, ইউকে, ঢাকার মাঠের জিতু, ঘরের ছেলে বাদশা, শাকেরকে নিয়ে। ফলে ম্যাচের শুরুর আগেই বৃষ্টি উপেক্ষা করে মাঠে উপস্থিত হাজার খানেক দর্শক দু’সেয়ানের লড়াই জমার আভাস পান।
রেফারীর বাঁশির সাথে সাথে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ্য হয়ে উঠে। তবে প্রথমার্ধে রামু ও দ্বিতীয়ার্ধে মহেশখালী অপেক্ষাকৃত গোছানো ফুটবল খেলে। সব মিলিয়ে রামুর কাছে মহেশখালী ১-০ গোলে হারলেও মূলতঃ ফুটবলেরই জয় হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.