
বিরোধী রাজনৈতিক দলের নেতাকে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব। মিথ্যা মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যেখানে সপ্তাহে তিন থেকে চার দিন আদালতে যেতে হবে, আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে ভোট চেয়ে বেড়াবেন সেখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
২২ জানুয়ারি সোমবার দুপুর ১২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ’মিথ্যা মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’
সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। তাদের উন্নয়ন শুধু একটি গোষ্ঠীর জন্য। আর সে গোষ্ঠী হল ধনীরা। যারা ধনী তারাই আরও ধনী হচ্ছে। তাদের উন্নয়ন এমন যে আজ ঢাকায় গাড়ি চলে না। ঘণ্টার পর ঘণ্টা পথেই বসে থাকতে হয়।’
‘আমাদের কথা পরিষ্কার, বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে নির্বাচন চাই। তবে সেই নির্বাচন হতে হবে অতিদ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে। যে নির্বাচনে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’
মহিলা দলের প্রশংসা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে মহিলাদল এগিয়ে চলছে। মহিলাদলই একমাত্র সংগঠন যারা শত প্রতিকূলতার মাঝেও প্রতিটি সাংগঠনিক জেলা সফর করে কাউন্সিল গঠন করতে পেরেছে। এমনকি ঢাকায় যে সমস্ত কর্মসূচি পালিত হয় তাতেও পিছিয়ে নেই মহিলাদল।’
এ সময় মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ মহিলাদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র:priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.