বান্দরবানের ঘুমধুম বিওপি’র সীমান্ত দিয়ে ২ ডিসেম্বর বুধবার বেলা ১২টা হতে ২টা পর্যন্ত ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নেতৃত্বে সপ্তম পর্বে যাচাইকৃত ৪৮ জন বাংলাদেশী নাগরিককে ফেরত আনা হয়।
বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে সীমান্ত পিলার-৩০/১ এর সন্নিকটে প্রতিপক্ষ মিয়ানমারের ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট, মংডু ডিষ্ট্রিক্ট এর সাথে বর্ডার গার্ড বাংলাদেশ-এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার, পিবিজিএমএস, পরিচালক, অধিনায়ক, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং মিয়ানমার পক্ষে নেতৃত্ব দেন মিঃ শৈ নাইং, ডেপুটি ডিরেক্টর, মিয়ানমার ইমিগ্রেশন এন্ড রেজিষ্ট্রেশন অধিদপ্তর।
এছাড়া বাংলাদেশ পক্ষে উক্ত বৈঠকে বিজিবি কক্সবাজার সেক্টর-এর অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মুহাম্মদ আমিনুল ইসলাম এবং কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার জেলা পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মিয়ানমার পক্ষে উপস্থিত ছিলেন মিয়ানমার ইমিগ্রেশন, বিজিপি এবং স্থানীয় জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।
সাম্প্রতিককালে সাগরপথে মানব পাচারের শিকার হয়ে যে সকল বাংলাদেশী নাগরিক মিয়ানমারে আটকবস্থায় আছেন, তাদের মধ্যে হতে জরুরী ভিত্তিতে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সপ্তম পর্বে যাচাইকৃত ৪৮ জন বাংলাদেশী নাগরিককে ২ ডিসেম্বর ঘুমধুম সীমান্ত এলাকার বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে প্রত্যাবাসন করা হয়।
তাদেরকে বিজিবি কর্তৃক কক্সবাজার জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে মিয়ানমার কর্তৃপক্ষ হতে গ্রহণ করে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশের কাছে আইনগত প্রক্রিয়া সম্পাদনের জন্য হস্তান্তর করা হয়। উল্লিখিত পতাকা বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে ৬টি পর্বে ৮ জুন তারিখে ১৫০ জন, ১৯ জুন তারিখে ৩৭ জন, ২২ জুলাই তারিখে ১৫৫ জন, ১০ আগস্ট তারিখে ১৫৯ জন, ২৫ আগস্ট তারিখে ১২৫ জন এবং ১২ অক্টোবর তারিখে ১০৩ জনসহ সর্বমোট-৭২৯ জন মানব পাচারের শিকার অবৈধ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশী নাগরিককে একই প্রক্রিয়ায় স্বদেশে ফেরত আনা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"




You must be logged in to post a comment.