নেপালের উপপ্রধানমন্ত্রী চন্দ্র প্রকাশ মাইনালি অভিযোগ করেছেন, ভারত তার দেশকে ভাঙার চেষ্টা করছে। রাজধানী কাঠমান্ডুতে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন ।
চন্দ্র প্রকাশ দাবি করেন, তেরাই অঞ্চলকে নেপাল থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে একীভূত করতে চাইছে নয়াদিল্লি। ভারতীয় বংশোদ্ভূত মদেশি জনগোষ্ঠী-অধ্যুষিত গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যিক এলাকাগুলোতে অবরোধ সৃষ্টি ভারতের এ ষড়যন্ত্রেরই অংশ।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের এ ধরনের তৎপরতা দুই দেশের সম্পর্কের স্থিতিশীলতার জন্য অনুকূল হবে না।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘নেপালের সঙ্গে প্রধান সীমান্তগুলোতে ভারতের আর্থিক অবরোধ যুদ্ধ ঘোষণার চেয়েও অমানবিক।’
তিনি বলেন, ‘যুদ্ধের সময়ও মানবিকতার কারণে খাদ্যদ্রব্য সরবরাহ এবং জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়। গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পরে নেপাল এখনো বিপর্যস্ত হয়ে রয়েছে। এ অবস্থাতেও সীমান্তের চেকপয়েন্টগুলোতে অবরোধের মাধ্যমে প্রতিবেশী দেশটি আমাদের আরো বিপদে ফেলেছে। এই পরিস্থিতি খুবই আপত্তিজনক।’
প্রসঙ্গত, নতুন সংবিধানে মদেশিদের জন্য পৃথক প্রদেশের দাবি জানিয়ে গত আগস্ট থেকে বিক্ষোভ করে আসছে মদেশ এলাকার বাসিন্দারা। গত সেপ্টেম্বর থেকে তারা সীমান্তে অবস্থান নিয়ে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকগুলো আটকে দেয়। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতও তাদের ট্রাকগুলো সীমান্তে আটকে দেয়। এর ফলে প্রায় দেড় মাস ধরে জ্বালানিসহ প্রয়োজনীয় দ্রব্য সংকটে ভুগছে নেপাল।
-রাইজিংবিডিডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.