মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন ফরায়েজীর (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭ টার দিকে টৈটং ইউনিয়নের বটতলী ছড়াখাল থেকে সাহাবউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। সাহাবউদ্দিন ফরায়েজী টৈটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মৃত মৌলভী গোলাম হায়দারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় টৈটং এর বটতলী এলাকায় একটি সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন ফরায়েজী। সালিশ বৈঠক শেষে বাড়ীতে রওনা দেয়ার পর রাত সাড়ে ৯ টার পর থেকে তার মোবাইল বন্ধ থাকে। সারারাত বাড়ীতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজ-খবর নিতে থাকে। বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে বটতলী এলাকার পার্শ্ববর্তী ছড়াখালে সাহাবউদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ আব্দু রকিব বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতির লাশ ছড়াখাল থেকে উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত রহস্য।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.