
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় নিখোঁজের তিনদিন পর খালের পানিতে ভাসমান অবস্থায় মো. ছায়েদ (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার মগানামা ইউনিয়নের ধারিয়াখালী এলাকার ভোলা খালে মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে পেকুয়া থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবক মো. ছায়েদ মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
নিহতের মামা ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু বলেন, মো.ছায়েদ শ্রমিক হিসেবে তার মামা নুরুল ইসলামের শরত ঘোনার লবণের মাঠে কাজ করতো। চলতি লবণ মৌসুমে সে এ কাজের জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু গত সোমবার রাত থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিলো না। সম্ভাব্য জায়গায় ছায়েদের খোঁজ না পেয়ে থানায় ডায়েরি করে তার পরিবার।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ভোলা খালের মগনামা ইউনিয়নের ধারিয়াখালী অংশ থেকে যুবক মো.ছায়েদের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.