
জাতীয় ঈদগাহের গেটের সামনে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের গেটের সামনে থেকে একটি প্রিজন ভ্যান ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা আটককৃত কয়েকজনকে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য, ঈদগাহ গেইটের সামনে একটি প্রিজন ভ্যান রাখা ছিল। ওই সময় বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল ওই এলাকায় আসে। মিছিল থেকে বেশ কিছু নেতাকর্মী স্লোগান দিতে দিতে উত্তেজিত হয়ে পুলিশের প্রিজন ভ্যানটিতে ভাঙচুর করে ভেতরে আটক করা দুজনকে ছিনিয়ে নেয়।
বিএনপির একটি সূত্র জানায়, সোহাগ মজুমদার ও মিলন নামে দুজন প্রিজন ভ্যানে ছিল। বিএনপির নেতাকর্মীরা ওই দুইজনকে ছিনিয়ে নেয়।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের এডিসি নাবিদ কামাল শৈবাল জানান, বিএনপির নেতাকর্মীরা একটি প্রিজন ভ্যান ভাঙচুর করেছে। কিন্তু ভ্যানে কোনো আসামি ছিল না। কাউকে ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, ‘খালেদা জিয়ার মুভমেন্টের সময় বিশৃঙ্খলার চেষ্টা করলে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তারা একটি প্রিজন ভ্যানে হামলা করেছিল।’ সূত্র:জনি রায়হান-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.