
ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, গত বছরের মার্চ মাসের শেষের দিকে ‘সম্রাট’ ছবির ডাবিং করার পর আড়ালে চলে যান, মাতৃত্বজনিত কারণে। বেশ দীর্ঘ সময়ের একটা বিরতি নিয়েছেন। সময়টা হিসেব করে বলতে গেলে দেড় বছর। এই সময়টায় বড় ঝড়ই গেল অপুর ওপর দিয়ে। দীর্ঘ সময়ের ক্যারিয়ার জীবনে কি এমন কঠিন পরিস্থিতিতে পড়েছেন এই নায়িকা? যদিও অপু বিষয়টিকে ইতিবাচক ভাবেই দেখছেন।
কঠিন সময়ে শক্ত থাকার এই শিক্ষাটা অবশ্য নিজের জীবন থেকেই পেয়েছেন অপু। তিনি বলেন- মানুষের জীবনের কত কিছুই না ঘটে; আমার মাতৃত্বজনিত কারণে যে বিরতি ছিল, আমার বিশ্বাস এখন কাজে ফেরার মধ্য দিয়ে দর্শকরা আবার পুরোনো আমাকে ফিরে পাবেন।’ কিন্তু মাঝখানের এ সময়টাতে যা ঘটে গেছে অপু’র জীবনে, যদি তার চিত্রনাট্য লেখার সুযোগ তিনি পেতেন, সেটি কি বাস্তব জীবনের মতো ঠিকঠাক গুছিয়ে লিখতে পারতেন?
যদিও বছরখানিক যাবৎ তার জীবনের বাস্তব ঘটনাগুলো, সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অপুর ঘনিষ্টজনেরা। ঢালিউডের এ কন্যা গত বৃহস্পতিবার বিকেলে এফডিসিতে ‘পাংকু জামাই’ ছবির ডাবিংয়ে অংশ নিয়েছেন। এর মধ্য দিয়েই দীর্ঘদিন পরে কাজে ফিরলেন তিনি। অনেক দিন পর নিজ ভুবনে ফিরে তাই বেশ উচ্ছ্বাসিত এ নায়িকা। এদিকে অপু বিশ্বাস ও চিত্রনায়ক রিয়াজ সম্প্রতি দুই বছরের জন্য শুভেচ্ছা দূত হিসেবে নাভানা গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
শুভেচ্ছা দূত হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ২০টি বিজ্ঞাপন করবেন এই অভিনয়শিল্পীরা। তারই ধারাবাকিতায় আজ থেকে রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে চারটি বিজ্ঞাপনের শুটিং শুরু করেছেন। আর তার ভাষায় বলতে গেলে, ‘বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে শুটিংয়ে ফিরলাম’। মা হওয়ার পর বেশ মুটিয়ে গিয়েছেন এ অভিনেত্রী। নিয়মিত জিমে যাচ্ছেন। নতুন করে ছবিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন। ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে অপু এখন মুখিয়ে আছেন। অপেক্ষায় আছেন ভাল সুযোগেরও।
আজ ২১ আগস্ট বিকেলে অপু’র সঙ্গে কথা হয় প্রিয়.কম এর। তিনি বলেন- ‘আমি যে অন্তরালে গিয়েছিলাম। সেটি আমার ব্যক্তিজীবনের জন্য। এখন সব ঠিকঠাক। আমার পরিচিতি যেখান থেকে, এতো মানুষের ভালোবাসা যেখান থেকে পেয়েছি সেখানে আবার ফিরে এসেছি। আমার জীবনের দুটি অংশই সব সময় উপভোগের ছিল। আপতত ভালভাবে বিজ্ঞাপনটা শেষ করতে চাই। দর্শকদের ভালোবাসায় নতুন এক অপুকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমি মনে করি, সময়ের সাথে সাথে ভবিষ্যতের হিসেব লিপিবদ্ধ হয়ে যায়।’
এদিকে শাকিব-অপু’র বিয়ের পর দীর্ঘদিন তাদের সম্পর্ক গোপন থাকলেও পরে পুত্র আব্রামকে নিয়ে ক্যামেরার সামনে অপুর হঠাৎ হাজির হয়ে ব্যক্তিজীবনের অনেক গোপন ঘটনা ফাঁস করে দেওয়াটাকে ভালোভাবে গ্রহন করেননি তার স্বামী চিত্রনায়ক শাকিব খান। তার ভাষ্য ছিল অনেকটা এমনই- অপু এখন সংসার কিংবা ব্যক্তিজীবনের দিকে মনোযোগী হোক। কথা প্রসঙ্গে শাকিবের সেই বিষয়টি নিয়েও কথা হয় অপুর সঙ্গে।
তিনি বলেন- ‘দ্বিধা-দ্বন্ধের কিছু নেই। তবে আরেকটা কথা শাকিব সব সময়ই বলে ইন্ডাস্ট্রির ভাল হোক। এর জন্য একজন শিল্পীর দায়বদ্ধতা থেকে কিছু হলেও সাধ্য মতো করা উচিত। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে শিল্পী সংকট চলছে। সেহেতু আমি মনে করি কাজ চালিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। শাকিব এর স্ত্রী এর বাইরেও আমার আলাদা একটা পরিচয় রয়েছে। আমি একজন চিত্রনায়িকা। আমাকে তৈরি করেছে ইন্ডাস্ট্রি, আমাকে তৈরি করেছে জনগন। আমাকে তৈরি করতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ব্যক্তিজীবনের কথা ভেবে নিজেকে সব সময় ঘুটিয়ে নিবো; পরিচালনা করবো, সেটা আমার দায়িত্ববোধের মধ্যে পড়ে না। তাই আমার মনে হয়েছে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আরো কাজ করা উচিত।’
অপু বিশ্বাস বিরতিতে যাওয়ার আগে কাজ শুরু করা ‘মাই ডার্লিং’, ‘মা’ ও ‘দলাভ ২০১৬’ নামে তিনটি ছবির শুটিং বাকি রয়েছে এখনো। আর এ তিনটি ছবিতে তার নায়ক স্বামী শাকিব খান। অপু ২০০৫ সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ৭২টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে।
সূত্র:মিঠু হালদার/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.