
খালেদা জিয়ার মুক্তির দাবিতে পতাকা প্রদর্শন কর্মসূচিতে গরম পানি নিক্ষেপ করে দলটির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পতাকা প্রদর্শন কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ এনেছেন বিএনপির নেতারা। তারা আরও অভিযোগ করেন যে, এ সময় ৪২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
২৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল সোয়া ১০টার দিকে প্রায় শতাধিক নেতাকর্মী নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ৩০ মিনিট বিক্ষোভ করার পর হঠাৎ পুলিশ বিক্ষুদ্ধ নেতাকর্মীদের উপর চড়াও হয়। এ সময় হতাহতের ঘটনাও ঘটে। আহত হন বেশ কয়েকজন মহিলা দলের নেত্রী।
এ সময় প্রায় ২২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে বেলা ১১টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে ফের সড়কে এসে কালো পতাকা প্রদর্শন করতে চাইলে পুলিশ আবারও নেতাকর্মীদের উপর চড়াও হয়। এসময় আরও ২০ জন নেতাকর্মীকে আটক করার অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক।
সরেজমিনে দেখা গেছে, বিএনপি নেতাকর্মীদের সড়ক থেকে সরাতে এক পর্যায়ে পুলিশ জল কামানের নীল পানি নিক্ষেপ করে।
ইতোমধ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা।
বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের বাধার মুখে নয়াপল্টন কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থান নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সংরক্ষিত আসনের সাবেক এমপি রাশেদা বেগম হীরা ছাড়া আটক কারও নাম জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে মতিঝিল জোনের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাজাহার প্রিয়.কমকে বলেন, জন সাধারণের চলাফেরা নির্বিগ্ন করতে, যানচলাচল স্বাভাবিক রাখতে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটক করা হয়েছে। নিশ্চিয় অবগত আছেন আমরা বিগতদিনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়নি।
এর আগে ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
রিজভী বলেছিলেন, ‘কালো পতাকা মিছিলের চেয়ে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে আরও ব্যাপকতা রয়েছে। এই কর্মসূচিতে দলের বাইরেও দেশের সর্বসাধারণ অংশ নিতে পারবে বলে আশা করছি। তাই কর্মসূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।’ সূত্র:মোক্তাদির হোসেন প্রান্তিক-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.