
অবশেষে সম্প্রচার কেন্দ্র থেকে পূর্ণাঙ্গতা পাচ্ছে বিটিভির সিলেট কেন্দ্র। খুব শিগগির সিলেটে পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্রে রূপান্তরিত করা হবে। এমনটাই সিদ্ধান্ত সরকারের। এ ব্যাপারে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, ঢাকা, চট্টগ্রামের বাইরে সিলেট ছাড়াও বিটিভির রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ময়মনসিংহে আরও ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন করা হবে।
রবিবার সংসদে সরকারি দলের সদস্য রহিম উল্লাহ’র এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৪ সালের ১৮ মে প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে নির্দেশনা অনুযায়ী রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশাল অঞ্চলের সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং বিনোদনমূলক অনুষ্ঠান, উন্নয়ন ও জনসচেতনতামূলক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দূরীকরণমূলক অনুষ্ঠান নির্মাণ এবং প্রচার করার লক্ষ্যে ‘বাংলাদেশ টেলিভিশনের ৫টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন’ শীর্ষক এ প্রকল্প গ্রহণ করা হয়।
পরে ২০১৭ সালের ১৪ মার্চে একনেক সভায় ময়মনসিংহ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিবেচনা করে ওই প্রকল্পে নতুন বিভাগ ময়মনসিংহ অন্তর্ভুক্তসহ প্রকল্পে মোট ব্যয় অপরিবর্তিত রেখে ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদন করা হয়।
তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)’-এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ডিজিটাল টেরিস্ট্রিয়াল টেলিভিশন ব্রডকাস্টিং পদ্ধতিতে দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের গুণগতমান বৃদ্ধি এবং একই সাথে ট্রান্সমিটারের মাধ্যমে একাধিক অনুষ্ঠান সম্প্রচার করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করার পদক্ষেপ নেয়া হয়েছে। গত ৫ ডিসেম্বরে প্রকল্পটির পিইসি সভায় প্রকল্প নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.