
বিতর্কের মধ্যেই চুক্তির চার বছরের মাথায় প্রথম রাফাল যুদ্ধবিমান পেল ভারত। ফ্রান্স সফররত ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে আনুষ্ঠানিকভাবে রাফাল যুদ্ধবিমান হস্তান্তর করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। খবর এনডিটিভির।
২০১৬ সালে দাসোর সঙ্গে ৩৬টি রাফাল কিনতে ৫৯ হাজার কোটি রুপিতে ভারত চুক্তিবদ্ধ হয়। তার আগে কংগ্রেস সরকার ওই সংস্থার সঙ্গেই ৭৯ হাজার কোটিতে ১২৬টি রাফাল কেনার জন্য আলোচনা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদি সেই খসড়া চুক্তি বাতিল করে নতুন চুক্তি করেন।
ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের সঙ্গে চুক্তি করেছিল তৎকালীন কংগ্রেস সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু ২০১৪ সালে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তারপর থেকে সেই চুক্তি খতিয়ে দেখা শুরু হয়। ২০১৫ সালে সেই চুক্তি বাতিল করে মোদি সরকার।
কংগ্রেসের খসড়া চুক্তি বাতিল করে দাসো এভিয়েশনের সঙ্গে ১২৬টির বদলে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধীরা। রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সোচ্চার কংগ্রেস।
দাসো এভিয়েশনের কাছ থেকে যুদ্ধবিমান গ্রহণ উপলক্ষ্যে ফ্রান্স সফরে রয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে দেশটির বিমানবাহিনীর বিশেষ বিমানে করে রাফাল হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন তিনি।
অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, ‘ভারত-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটা মাইলফলক। এই সম্পর্ক দীর্ঘজীবী হোক। নির্ধারিত সময়েই রাফাল হস্তান্তর হওয়ায় আমরা খুশি। আমি নিশ্চিত যে, রাফাল যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনী ক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে দুই দুই বৃহৎ গণতন্ত্রের সম্পর্ক মজবুত হবে।’
তবে আনুষ্ঠানিক হস্তান্তর হলেও ভারত রাফাল হাতে পাবে আগামী বছর। ২০২০ সালের মে নাগাদ প্রথম চালানে চারটি যুদ্ধবিমান পাবে ভারতীয় বিমানবাহিনী। তার আগে ফ্রান্সে গিয়ে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা প্রশিক্ষণ নেবেন।
ফ্রান্সের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২২ সালের মধ্যে ভারতের ৩৬টি রাফাল বিমান হাতে পাবে। রাফাল হাতে পাওয়ার পর তা দেশের পূর্বাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করবে ভারত। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ যুদ্ধবিমানের প্রথম স্কোয়াড্রনটি মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।
সূত্র: deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.