সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিদেশিদের আসা-যাওয়া হতাশায় রোহিঙ্গারা

বিদেশিদের আসা-যাওয়া হতাশায় রোহিঙ্গারা

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের স্ত্রী এ্যামিনি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে- (ফাইল ছবি)

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

বিশ্বের নানা দেশের নানা সংস্থার প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরও দুরাবস্থার কোনও সুরাহা না হওয়ায় হতাশ রোহিঙ্গারা। তাদের নিজের দেশে ফেরত পাঠানো বা মিয়ানমারে তাদের ওপর নির্যাতনের জন্য দায়ীদের বিচারের বিষয়ে কোনও অগ্রগতি না হওয়ায় এই প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। প্রথম পর্যায়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের স্ত্রী এ্যামিনি এর পর ওআইসির মহাসচিবের কাছেও নিজেদের হতাশার কথা বলেছেন রোহিঙ্গারা।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক দাতা সংস্থাসহ দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন সময়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এর পর আসেন অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-অথাইমিন। তবে গুরুত্বপূর্ণ লোকদের এসব ক্যাম্প পরিদর্শনের পরও ভাগ্য ফেরেনি মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের।

উখিয়া বালুখালী ময়নাঘোনা রোহিঙ্গা ক্যাম্পে সরেজমিনে গেলে এই প্রতিবেদকের কাছে এই হতাশার কথা জানান রোহিঙ্গাদের অনেকেই। রোহিঙ্গারা বলছেন, ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার সরকারের হাতে নির্যাতিত হয়ে যে সব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নিয়েছেন তাদের দেখতে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন বিশ্বের বড় বড় নেতারা।

জাতিসংঘের একাধিক টিম, ইউরোপীয় ইউনিয়নের সদস্য, কফি আনান কমিশন, আন্তর্জাতিক দাতা সংস্থার সদস্যসহ বিশ্বের মানবাধিকার সংস্থার একাধিক প্রতিনিধিদল ক্যাম্প পরিদর্শন করেছেন। এতে রোহিঙ্গাদের মাঝে কিছুটা হলেও স্বস্থি ফিরে এসেছিলো। কিন্তু ২০ মাস পার হয়ে গেলেও এসব সংস্থা এখন পর্যন্ত চোখে পড়ার মতো তেমন কিছু করতে পারেনি বলে জানান ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা।

ময়নাঘোনা ক্যাম্পে বসবাসকারী জাহেদুল ইসলাম বলেন, আমরা খুবই হতাশ। সেই হতাশার কথাই জানিয়েছি বিশ্ব নেতাদের কাছে। আমরা বলছি বিশ্বের অনেকেই আমাদের দেখতে এসেছেন। আমাদের কথা শুনেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ।

কিন্তু পরিদর্শনে এসে প্রতিনিধিদল আমাদের যে আশ্বাস দেন, বাস্তবতার সঙ্গে তার মিল নেই। তিনি আরও বলেন, বিশ্ব নেতারা আমাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। এখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। মিয়ানমারে গিয়ে আবার নির্যাতনের শিকার হতে চাই না।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.