
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে দ্রুত ডিভিশন সুবিধা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশে কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
২৯ অক্টোবর, মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ২৮ অক্টোবর, রবিবার সকালে কারাগারে ডিভিশন চেয়ে (প্রথম শ্রেণির নাগরিকের মর্যাদা) ব্যারিস্টার মইনুলের পক্ষে হাইকোর্টে আবেদন করেছিলেন তার আইনজীবী।
আদালতে মইনুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আদালত মইনুল হোসেনের ডিভিশনের আদেশটি স্পেশাল বার্তাবাহকের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।’
বেসরকারি টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টির এক প্রশ্নের জবাবে মন্তব্যের জেরে রংপুরে মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন এক নারী।
একই ঘটনায় বিভিন্ন জেলায় আরও বেশকয়েকটি মামলা হয়েছে মইনুলের বিরুদ্ধে। এর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন নিয়েছেন।
গত ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে রংপুরের মামলায় ব্যারিস্টার মইনুলকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।
পরদিন ২৩ অক্টোবর ওই মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার সিএমএম আদালত। এরপর কেরানিগঞ্জ কারাগারে তাকে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়।
সূত্র:আমিনুল ইসলাম মল্লিক;priyo.com-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.