
নিহত চেনুয়ারার লাশ নিয়ে যাচ্ছে পুলিশ।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় চেনুয়ারা বেগম (৩২) নামে এক গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়া এলাকা হতে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত চেনুয়ারা বেগম মো. রাজু আহাম্মেদ এর স্ত্রী ও মুসলিম পাড়া এলাকার মৃত নুরুল আলমের মেয়ে।
খবর পাওয়া মাত্র লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) লিয়াকত আলী সঙ্গীয় পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, লাশের প্রাথমিক সুরহাতাল রিপোর্ট করা হয়েছে। লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তে প্রেরণের জন্য নিয়ে যাচ্ছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি আরো বলেন, এই বিষয়ে লামা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
নিহতের ছোট মা হামিদা বেগম বলেন, বুধবার দিবাগত রাত ৯টায় আমি মেয়ের বাড়িতে টিভি দেখতে আসি। তখন মোবাইলে সে তার স্বামীর সাথে ঝগড়া করতে দেখা যায়। রাত ১০টায় আমি নিজের ঘরে চলে যায়। বৃহস্পতিবার সকালে আমার মেয়ে রেশমি আক্তার (১২) চেনুয়ারা ঘরে আসলে বারান্দার চালের সাথে তাকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আমরা সবাই এগিয়ে আসি এবং বিষয়টি লামা থানাকে অবহিত করি।
নিহতের চাচা ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল মালেক বলেন, চেনুয়ারা চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করত। গত তিন বছর আগে চেনুয়ারা ও রাজু বিয়ে করে। তারা বিয়ের পরে লামায় চলে আসে এবং নিজের বাবার ভিটাতে আলাদা ঘর করে তারা বসবাস করে। এর আগেও চেনুয়ারার আরেকটি বিয়ে হয়। চেনুয়ারার আগের স্বামীর সংসারে শামীম নামে একটি ১০ বছরের ছেলে আছে। সে তার বাবা সেলিমের সাথে থাকে।
আব্দুল মালেকের স্ত্রী রোকসানা বেগম বলেন, ভোর সাড়ে ৬টার দিকে আমি চেনুয়ারার স্বামী মো. রাজু আহাম্মেদকে বাড়ি হতে বেড়িয়ে যেতে দেখেছি।
এই ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, বিষয়টা খুব মর্মান্তিক। সকালে খবর যাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.