অনলাইন ডেস্ক :
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র দুই দলের মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবারের ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েক ডজন মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
শনিবার ত্রিপোলিতে যে সংঘর্ষ হয়েছে, গত দুই বছরের মধ্যে এটি সবচেয়ে হিংসাত্মক ছিল। প্রাণঘাতী এই সংঘর্ষের পর সেখানে অবিলম্বে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে, শনিবারের সংঘর্ষে কমেডিয়ান মুস্তফা বারাত নিহত হন।
রাজধানীর বিভিন্ন এলাকায় গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরজুড়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। জরুরি সেবায় নিয়োজিত সংস্থাগুলো জানিয়েছে যে বেশ কয়েকটি হাসপাতালেও আক্রমণ করা হয়েছে। সংঘর্ষের কারণে আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। লিবিয়াতে জাতিসংঘের মিশন বলেছে যে যুদ্ধে “বেসামরিক জনবহুল এলাকার আশেপাশে নির্বিচারে মাঝারি এবং ভারী গোলাবর্ষণ” হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের মিশন।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বাশাঘার বাহিনী শনিবার বিভিন্ন দিক থেকে ত্রিপোলির অঞ্চল দখল করার চেষ্টা করেছিল। কিন্তু তারা রাজধানীতে পৌঁছানোর আগে বাধা পেয়েছে এবং উপকূলীয় শহর মিসরাতার দিকে ফিরে গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.