সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরির অগ্রাধিকার দাবীতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অবরোধ : আশ্বাসের ভিত্তিতে কর্মসূচী স্থগিত

রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরির অগ্রাধিকার দাবীতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অবরোধ : আশ্বাসের ভিত্তিতে কর্মসূচী স্থগিত

ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি; উখিয়া :

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দাবী বাস্তবায়নে এনজিও গুলো পরোয়া না করায় “অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার” উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান ও প্রতিরোধ কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (৪মার্চ) সকাল থেকে উখিয়া, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দাবীতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোটবাজার চৌরাস্তা চত্বরে মাথায় কাফনের কাপড় পরে অবস্থান নেন চাকরি বঞ্চিত শত শত বেকার যুবকরা। এসময় তাদের সমর্থনে উখিয়া, কোটবাজার এলাকার হাজার হাজার জনতাও রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন। কর্মসূচি পালনকালে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে ভোগান্তি সৃষ্টি হয়।

এদিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা প্রদানের চেষ্টা করলে এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের আশ্বাসের ভিত্তিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে শান্তিপূর্ণ অবস্থান স্থগিত করার ঘোষণা দেন সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী।

অবস্থান কর্মসূচী পালনকালে অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার নেতৃবৃন্দরা বলেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও গুলোতে স্থানীয়দের গণহারে ছাটাই করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে দেশী-বিদেশী এনজিও গুলো পরিকল্পিতভাবে স্থানীয়দের চাকরী থেকে ছাটাই করছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নতুন নতুন চাকরীর ক্ষেত্রে স্থানীয়দের বাদ দিয়ে এনজিও’র কর্তারা বিশেষ সুবিধা নেয়ার মাধ্যমে তাদের স্বজনদের চাকরী দিচ্ছে।

জানা যায়, এক মাস আগে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের সমন্বয় সভায় আন্দোলনরত স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার জন্য বিভিন্ন মেয়াদে সময় বেধে দিলেও উক্ত এনজিও গুলো বিভিন্ন অজুহাতে তার কোন গুরুত্বারোপ করেনি। যার প্রেক্ষিতে আন্দোলনকারীদের অহিংস আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। যার সমস্ত দায়ভার এনজিও গুলোকে নিতে হবে বলে নেতারা কঠোর হুশিয়ারী দেন।

অবস্থান কর্মসূচী পালনকালে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেন, আপনাদের আন্দোলন ও দাবীর যৌক্তিকতা রয়েছে। আপনাদের সব দাবী মেনে নেওয়া হবে। ইতোমধ্যে আপনাদের বার্তা জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের মাধ্যমে শীর্ষ পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি অবস্থান কর্মসূচি স্থগিতের অনুরোধ জানান আন্দোলনকারীদের।

প্রশাসনের আশ্বাস পেয়ে সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, আমাদের যৌক্তিক দাবী আদায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। আপনাদের আশ্বাসের ভিত্তিতে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি স্থগিত করা হচ্ছে। দাবী আদায়ে আরো এক সপ্তাহ সময় বেধে দেওয়া হচ্ছে এনজিওগুলোতে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.