
বক্তব্য রাখছেন খালেদা জিয়া
আওয়ামী লীগের লোকজন খুন করলেও কিছু হয় না অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগের কেউ যদি কিছু করে তাহলে তাদের নামে মামলা হয় না। আর মামলা হলেও তাদের কিছু হয় না। তারা মাফ পেয়ে যায়। তারা খুন করলেও মাফ পেয়ে যায়।’
১২ নভেম্বর রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘আপনারা জানেন, দেশে কতজনের নামে মামলা। বিএনপির লোক দিয়ে জেলখানা ভরা। কোনো কিছু না করলেও বিএনপির লোকদের নামে মামলা হয়। ধরে নিয়ে যাওয়া হয়, হয়রানি করা হয়। জেলখানায় ভরা হয়।’
এ সময় তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে জনগণের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’।
রোববার দুপুর পৌনে ২টায় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। তবে বিকেল ৩টার দিকে গাড়িবহর নিয়ে সমাবেশস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
দুপুর দুইটার দিকে গুলশানের বাসভবন থেকে সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন বেগম খালেদা জিয়া।
দীর্ঘ দিন পর সমাবেশ করতে পারায় দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সমাবেশকে ঘিরে মিছিল নিয়ে দলে দলে বিএনপি-নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন। এ সময় তারা বিভিন্ন রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন বহন করছেন।
এদিকে বিএনপি সমাবেশকে জনশূন্য করতে সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন জেলা থেকে রাজধানীগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। কোথাও কোথাও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সমাবেশের উদ্দেশে রাস্তায় বের হওয়া বিএনপি নেতা-কর্মীদের আটক করারও খবর পাওয়া গেছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, গণপরিবহন বন্ধ করে সরকার জমাবেশগামী জনস্রোত ঠেকাতে পারবে না।

সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীর ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানের পথে।
এর আগে সকাল ১০টার দিকেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সমাবেশের অনুমতি দিলেও সোহরাওয়ার্দী উদ্যানের মূল জায়গা ব্যবহার করতে দেয়নি সরকার। সমাবেশকে ব্যর্থ করার জন্য শুধু গণপরিবহন বন্ধই নয়, গত রাত থেকে দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তবে সমাবেশকে বাধাগ্রস্ত করতে বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, গণপরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছে এসব অভিযোগের বিষয়ে ‘কিছু জানেন না’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা খতিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে। বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়।
সূত্র:priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.